
ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা পরীমণি। মিষ্টি চেহারা ও হাসির জন্যও তিনি বিশেষভাবে পরিচিত। ঢালিউডে অভিষেকের পর থেকেই তার জন্মদিন মানেই ছিল জাঁকজমক আয়োজন, তারকাখচিত পার্টি আর রঙিন আয়োজন। তবে গত তিন বছর ধরে তিনি ছিলেন একেবারেই নিরিবিলি, ঘরোয়া পরিবেশে কেটেছে তার বিশেষ দিন।
আজ শুক্রবার গুণী এই অভিনেত্রীর জন্মদিন। কিন্তু এবারের জন্মদিনে ঘটেছে ব্যতিক্রম! জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সেই মুহূর্তগুলোর কিছু রঙিন ছবি, যা দেখে ভক্তরা বলছেন- এই তো আমাদের পুরোনো পরী ফিরে এসেছে!
জন্মদিনের কেক কাটার সময় পরীমণির পাশে ছিলেন এক তরুণ, নাম অর্ক। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে কৌতূহল- ‘অর্ক কে?’
পরীমণি নিজেই পরে বিষয়টি পরিষ্কার করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অর্ক’ একজন মেকআপ আর্টিস্ট, কাজের সূত্রে আমাদের পরিচয়। ও ঢাকায় একা থাকে, আমাদের বাসাও একই এলাকায়। খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। দিন দিন ও আমার কাছে বেশ আহ্লাদি হয়ে গেছে।
তিনি আরও লেখেন, ওর এক ছোট আবদারে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি এই চমক! ধন্যবাদ অর্ক ভাই- এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।
জন্মদিনের দিনটিতে ফেসবুকে নিজেকেই শুভেচ্ছা জানাতে ভোলেননি পরীমণি।
তার আবেগমাখা পোস্টে লিখেছেন, এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা- সব কিছু নিয়েই আজকের এই জীবন।
আরটিভি/কেআই




