
আন্তর্জাতিক অঙ্গনে ‘ফ্রাসিয়ার’ এবং ‘দ্য বিগ ব্যাং থিওরি’-র মতো জনপ্রিয় শো’তে দেখা গেলেও এবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস অভিষেক করতে যাচ্ছেন ভারতীয় টেলিভিশনে। জনপ্রিয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’-এর নতুন পর্বে তিন পর্বের একটি বিশেষ সিকোয়েন্সে তাকে দেখা যাবে।
সূত্রের খবর, বিল গেটস ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবেন এবং অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি অভিনীত মূল চরিত্র ‘তুলসি ভিরানি’-র সঙ্গে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করবেন। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছে।
ইটাইমস-এর বরাত দিয়ে জানা গেছে, এই বিশেষ পর্বটি বিল গেটস এবং স্মৃতি ইরানির ভিডিও কলের মাধ্যমে শেষ হবে এবং এটি প্রায় তিনটি পর্ব জুড়ে চলবে। গল্পটি গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর কেন্দ্রিত।
একই সঙ্গে জল্পনা উঠেছে, হলিউড তারকা উইল স্মিথও হতে পারেন ধারাবাহিকে অতিথি চরিত্রে। টেলিচাক্কারের প্রতিবেদনে বলা হয়েছে, তার ক্যামিও দৃশ্যটি মূলত মিহির ও তুলসির দাম্পত্য জীবনের পুনঃসংযোগকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
বিল গেটস ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন। গত তিন বছরে তিনবার তিনি ভারত সফর করেছেন এবং চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে বৈঠক করেছেন। সেই সময় তিনি টুইট করে জানান, ভারতের উন্নয়ন এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর সম্ভাবনা নিয়ে আলোচনা চমৎকার হয়েছে।
উল্লেখ্য, ২৫ বছর পর গত জুলাই মাসে ধারাবাহিকটি পুনরায় প্রেক্ষাপটে এসেছে। নতুন সিজনে বডি পজিটিভিটি, নারী ক্ষমতায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।
আরটিভি/কেআই




