
বলিউড এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকাদের ঘরে নতুন অতিথির আগমন ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ। মেয়ের জন্মের দুই বছর পর ফের বাবা হতে চলেছেন তিনি।
নিজেই দীপাবলির দিনে এই সুখবর ঘোষণা করেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যদিও তারা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা করেননি, উপাসনার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে নতুন অতিথির আগমনের ইঙ্গিত স্পষ্ট।
ভিডিওতে দেখা যায় পরিবারের সবাই আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং বিশেষ করে একটি শিশুর পায়ের ছাপ দেখে ভক্তরা বোঝতে পারছেন যে শিগগিরিই তাদের পরিবারে নতুন সদস্য আসছে। উপাসনা ভিডিওটি ক্যাপশনে লিখেছেন, এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং ভক্তরা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাম চরণ ও উপাসনা। বিয়ের প্রায় দশ বছর পর, ২০২৩ সালে তাদের কন্যাসন্তান ক্লিন কারা জন্মগ্রহণ করেছিলেন। এবার ১৩ বছর পূর্ণ হওয়ার পর উপাসনা দ্বিতীয়বারের জন্য মাতৃত্বের পথে।
আরটিভি/কেআই




