
ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তদন্তে অভিযুক্ত হিসেবে সাবেক বিগ বস প্রতিযোগী কন্নড় অভিনেত্রী দিব্য সুরেশের নাম শনাক্ত করেছে।
ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর গভীর রাতে, বাটানায়নপুরের নিত্য হোটেলের সামনে। সেখানে মোটরসাইকেল চালাচ্ছিলেন কিরণ নামের এক ব্যক্তি, যিনি তার দুই সহযাত্রী আনুশা ও অনিতাকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক দ্রুতগামী গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা মেরে দ্রুত চলে যায়। এর ফলে অনিতার পায়ের হাড় ভেঙে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুই যাত্রী কিরণ ও আনুশাও আঘাত পান।
এ ঘটনায় কিরণ ৭ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুর্ঘটনার পরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে দেখা যায়, গাড়ির চালকের আসনে ছিলেন কন্নড় অভিনেত্রী দিব্য সুরেশ।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়িটি দ্রুত গতিতে চলছিল এবং চালক পালিয়ে যায়। তদন্তের পর, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর তদন্ত অব্যাহত রয়েছে। বেঙ্গালুরুর পশ্চিম ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার অনুপ শেঠি জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এদিকে, দিব্য সুরেশ এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি। কিন্তু পুলিশ কর্মকর্তারা আশা করছেন, দ্রুত তদন্ত শেষ করে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/কেআই




