
পরিশ্রম নাকি শর্টকাট? বড়লোক হওয়ার আশায় গুপ্তধন খোঁজার এক হাস্যকর ও সাসপেন্সপূর্ণ গল্প নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’। পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম এবং প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা ও লামিমা লাম। ড্রামাটি মুক্তি পাবে ৩০ অক্টোবর।
গল্পের মূল চরিত্র মামুন (শিমুল শর্মা) মুরাদপুর গ্রামের একজন যুবক, যার দাদা বহু বছর আগে গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফেরেননি। দাদার মতোই মামুনেরও স্বপ্ন বড়লোক হওয়ার, তবে সে চাইছে ‘শর্টকাট’ পথে। মামুনের এই স্বপ্ন ও লায়লার (লামিমা লাম) সঙ্গে দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোচ্ছে গল্পের সাসপেন্স। মামুন কি গুপ্তধন খুঁজে পাবে, নাকি ভাগ্যের খেলায় তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে- এই রহস্যই দর্শকদের পর্দায় ধরে রাখবে।
পরিচালক মাজিদুল ইসলাম বলেন, শর্টকাট আমাদের সমাজের প্রতিচ্ছবি। সবাই দ্রুত সাফল্য পেতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই সিরিয়াস বিষয়টিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কমেডি ও সাসপেন্সের মোড়কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, দর্শকদের গল্পটি ভালো লাগবে।
নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। মামুন ও লায়লা চরিত্রের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া, শাহাদত শিশিরসহ আরও অনেকে।
আরটিভি/কেআই




