
প্রাইম ভিডিও আবারও নিয়ে আসছে স্পাই অ্যাকশন-থ্রিলার ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর দীর্ঘ প্রতীক্ষিত সিজন থ্রি। মনোজ বাজপেয়ী অভিনীত শ্রীকান্ত তিওয়ারীর গল্প এবার আরও বড় চ্যালেঞ্জ এবং দুর্দান্ত অ্যাকশনের সঙ্গে হাজির হতে চলেছে।
সিজন থ্রি-তে শ্রীকান্তকে দেখা যাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধে নামতে, তবে একই সঙ্গে তার পরিবারকেও নানা সমস্যার মুখোমুখি হতে হবে। নতুন প্রতিপক্ষের চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত (রুকমা) এবং নিমরাত কৌর (মীরা)। দেশ ও বিদেশের হুমকির মধ্যে শ্রীকান্তের এই লড়াই নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকরা প্রত্যক্ষ করবেন তার পরিবারকে রক্ষা করার জন্য কতটা সাহসী পদক্ষেপ নিতে হয়।
আগের সিজনের জনপ্রিয় চরিত্রগুলোও ফিরছেন। শরিব হাসমি, প্রিয়মানি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ন্তরি এবং গুল পাগ আবারও দেখা যাবে।
প্রাইম ভিডিও ইন্ডিয়ার পরিচালক ও হেড অফ অরিজিনালস নিখিল মাধক বলেন, দ্য ফ্যামিলি ম্যান দীর্ঘফর্মেট স্টোরিটেলিংকে নতুন সংজ্ঞা দিয়েছে। এই নতুন সিজন আরও অ্যাকশন, হাস্যরস এবং শক্তিশালী অভিনয় নিয়ে আসছে।
নির্মাতা রাজ এন্ড ডিক বলেন, দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছে, তা অভূতপূর্ব। এই সিজনে শ্রীকান্ত এমন হুমকির মুখোমুখি, যা তার ক্যারিয়ার ও পরিবারকে একসাথে বিপদে ফেলছে। আমরা আত্মবিশ্বাসী দর্শকরা সিজন থ্রি আগের দু’টি সিজনের চেয়ে বেশি উপভোগ করবেন।
দ্য ফ্যামিলি ম্যানের প্রথম সিজন থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠা এই সিরিজটি স্মার্ট লেখা, দুর্দান্ত অভিনয় এবং আবেগঘন গল্প বলার জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। সিজন থ্রি-এর প্রিমিয়ার চলতি বছরের ২১ নভেম্বর এবং এটি ভারতসহ ২৪০-এরও বেশি দেশে প্রাইম ভিডিও-এ দেখা যাবে।
আরটিভি/কেআই




