
ভারতের ছোটপর্দার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী রূপা দত্ত আবারও গ্রেপ্তার হয়েছেন। কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কলকাতার বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটা করছিলেন অভিনেত্রী রূপা। এ সময় এক নারীর ব্যাগ থেকে সোনা ও নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী দীপা আগরওয়াল গত ১৫ অক্টোবর থানায় অভিযোগ জানান যে, কেনাকাটার সময় তার পার্স চুরি হয়েছে। ওই পার্সে ছিল ২০০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন (যাতে বৈষ্ণোদেবীর লকেট ছিল), দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা।
অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা অভিযুক্তকে শনাক্ত করে এবং সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছ থেকে রূপাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রূপা দত্তের গরচা রোডের বাড়ি থেকে চুরি যাওয়া মোট ৬২.৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, এটি রূপা দত্তের বিরুদ্ধে চুরির অভিযোগে প্রথম গ্রেপ্তার নয়। ২০২২ সালে কলকাতা বইমেলা থেকেও একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া, ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ এনে তিনি আলোচনায় আসেন।
রূপা দত্ত মূলত বাংলা সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন। পাশাপাশি তিনি ‘জয় মা বৈষ্ণদেবী’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন।
আরটিভি/কেআই




