
সম্প্রতি ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। ইতোমধ্যে এই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে এক সাক্ষাৎকারে জাহানারা জানান, জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এসব বিষয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
সাবেক নির্বাচক মঞ্জুকে নিয়ে তিনি বলেন, উনি একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।
মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।
শুধু এই দুইজনই নন, জাতীয় দলের কিছু সাবেক ও বর্তমান কোচিং স্টাফ, কর্মকর্তা ও কয়েকজন খেলোয়াড়ও তার ক্যারিয়ার নষ্ট করার সঙ্গে জড়িত ছিলেন।
এই ঘটনা সামনে আসার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি মজার সম্পর্ক দেখতে পাওয়া গেছে- রাশমিকা মন্দানার ‘ডিয়ার কমরেড’ সিনেমার সাথে জাহানারা আলমের অভিযোগের মিল। সিনেমাটির কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যেখানে মন্দানার চরিত্র এক ধরনের শারীরিক ও মানসিক নিগ্রহের সম্মুখীন হয়।

নেটিজেনদের মতে, সিনেমার কাহিনী এবং জাহানারা আলমের অভিযোগের মধ্যে বিস্ময়কর মিল রয়েছে। ‘ডিয়ার কমরেড’ সিনেমায় রাশমিকা মন্দানা এক নারী ক্রীড়াবিদ হিসেবে তার ক্যারিয়ার এবং মানসিকতার উপর নানা ধরনের চাপের সম্মুখীন হন, যা জাহানারার বাস্তব অভিজ্ঞতার সাথে সাদৃশ্যপূর্ণ।
আরটিভি/কেআই




