‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’ বিক্রি নিয়ে চলমান আলোচনা নতুন মোড় নিয়েছে। মার্কিন রাজনৈতিক ব্লগ সেমাফর -এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে অরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকে চলচ্চিত্র প্রযোজনা নিয়ে ক্রিয়েটিভ ইনপুট দিচ্ছেন। এলিসন পরিবারের নতুন প্রতিষ্ঠান প্যারামাউন্ট-স্কাইড্যান্স এ ট্রাম্পের এই নেপথ্য পরামর্শ বিশেষভাবে নজর কাড়ছে। খবর অ্যাকশনিউজের।
রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প চান হলিউডে আবার ফিরিয়ে আনতে ‘৮০ ও ‘৯০ দশকের রাউকাস কমেডি ও ক্লাসিক অ্যাকশন সিনেমা। তার প্রিয় ছবির তালিকায় রয়েছে- জ্যাঁ ক্লদ ভ্যান ড্যামের ‘ব্লাডস্পোর্ট’ ও জ্যাকি চ্যান–ক্রিস টাকার অভিনীত ‘রাশ আওয়ার’ ফ্র্যাঞ্চাইজি।
ট্রাম্প নাকি ব্যক্তিগতভাবে ল্যারি এলিসনকে নতুন রাশ আওয়ার ছবির কাজ দ্রুত শুরু করতে বলেছেন। এমনকি ব্লাডস্পোর্ট-ধাঁচের আরও অ্যাকশন সিনেমা বানানোর দিকেও জোর দিয়েছেন।
বর্তমানে প্যারামাউন্ট-স্কাইড্যান্স ও হোয়াইট হাউসের মধ্যে চলমান আলোচনা নিয়ে রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন নাকি এলিসন পরিবারের বিডকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যান্য আগ্রহী ক্রেতার মধ্যে রয়েছে ইউনিভার্সাল, নেটফ্লিক্স ও অ্যামাজন।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি পছন্দের কিছু সিনেমা- বিশেষত রাশ আওয়ার ও ব্লাডস্পোর্ট টাইপ অ্যাকশন- অগ্রাধিকার পায়, তবে তিনি কংগ্রেস ও আদালতে এলিসনদের পক্ষে সহায়ক হতে পারেন।
কিছুদিন আগে ‘কারাতে কিড: ল্যাজেন্ডস’-এর প্রচারণায় জ্যাকি চ্যান বলেন, আমি জানি না। পরিচালক, স্টুডিও আর লেখককে জিজ্ঞেস করুন। তাড়াতাড়ি করুন, না হলে আমি আর ক্রিস টাকার ১০০ বছর বয়সে রাশ আওয়ার বানাব!
ব্লাডস্পোর্ট: মূল ছবি বিতরণ করেছিল ওয়ার্নার ব্রোস, তবে সম্প্রতি জানা গেছে এটুফোর ছবিটির রাইটস কিনতে আলোচনা করছে।
রাশ আওয়ার: ফ্র্যাঞ্চাইজিটি নিউ লাইন সিনেমার, যা ওয়ার্নার ব্রোস-এর অধীনে।
রিপোর্টে আরও দাবি, ট্রাম্প ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’ কিনতে এলিসনদের সমর্থন করছেন কারণ তিনি সিএনএন (ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এর মালিকানাধীন)- এর কিছু রাজনৈতিক সংবাদ বিশ্লেষককে সরাতে চান।
চলমান আলোচনায় আরও রয়েছে একটি চমক- হোয়াইট হাউসের সামনে আয়োজন হতে পারে আসন্ন ‘ইউএফসি’ ফাইট, যা নাকি স্ট্রিম করা হবে ‘প্যারামাউন্ড প্লাস’-এ।
আরটিভি/কেআই




