
ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে শুক্রবার (৫ ডিসেম্বর) নজর থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের। ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ মনোযোগ থাকবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে, যিনি পাচ্ছেন একটি নতুন ও বহুল আলোচিত সম্মাননা ‘ফিফা শান্তি পুরস্কার’।
সম্প্রতি ফিফা ঘোষণা দেয়, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী অবদান এবং মানুষকে একত্রিত করার প্রচেষ্টাকে স্বীকৃতি জানাতে তারা প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে। ফিফার দাবি, বিশ্বের পাঁচশ’ কোটিরও বেশি ভক্তদের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হবে যদিও বিজয়ী নির্ধারণের পদ্ধতি স্পষ্ট নয়।
তবে গুঞ্জন থামছেই না। বিভিন্ন সূত্রের তথ্য মিলিয়ে প্রায় নিশ্চিত হয়েছে যে এই নতুন পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থান নির্বাচনের দিক থেকেও ইঙ্গিত মেলে হোয়াইট হাউস থেকে কয়েক মিনিট দূরের কেনেডি সেন্টার, যেখানে বোর্ড চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প নিজেই।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক ঘনিষ্ঠতাও আলোচনায় এসেছে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ট্রাম্পের প্রশংসায় মাতেন ইনফান্তিনো। অনেকেই মনে করছেন, নোবেল না পাওয়ার হতাশা কাটাতে ট্রাম্পের হাতে ফিফার এই ‘শান্তি পুরস্কার’ তুলে দিতেই আয়োজনটি সাজানো হয়েছে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর শীর্ষ নেতারাও। তাদের সামনে ফিফার এই নতুন সম্মাননা গ্রহণ করে ‘সান্ত্বনা’ খুঁজে পেতে পারেন ট্রাম্প।
আরটিভি/এসকে




