৩০ বছর পর লন্ডনে রাহুল-সিমরান!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৩০ পিএম


৩০ বছর পর লন্ডনে আবার রাহুল-সিমরান!
৩০ বছর পর লন্ডনে আবার রাহুল-সিমরান। ছবি: সংগৃহীত

মুক্তির তিন দশক পরও ফিকে হয়নি শাহরুখ খান ও কাজল জুটির জাদু। কালজয়ী প্রেমকাহিনি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) আবারও লিখল ইতিহাস। লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কয়ারে স্থায়ীভাবে স্থাপিত হলো ‘ডোলি সাজাকে রাখ না’ গানের সেই বিখ্যাত পোজে রাহুল-সিমরানের ব্রোঞ্জের মূর্তি। আবরণ উন্মোচনের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন বলিউডের কিং শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী কাজল- যেন সত্যিই পর্দা ভেদ করে বেরিয়ে এলেন তারা। খবর বলিউড হাঙ্গামার।

বিজ্ঞাপন

এটাই প্রথমবার কোনো ভারতীয় চলচ্চিত্রের চরিত্র লেস্টার স্কয়ারে এমন আন্তর্জাতিক মর্যাদা পেল। এর আগে হ্যারি পটার, মেরি পপিন্স-সহ বিভিন্ন আইকনিক চরিত্র সেখানে স্থান পেলেও ভারতীয় সিনেমার জন্য এটি এক নজিরবিহীন অর্জন।

ভারতীয় গণমাধ্যম জানায়, আবরণ উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ ছিলেন কালো পোশাকে ও সানগ্লাসে। কাজল শাড়িতে অনন্য রূপে ধরা দেন। মূর্তির সামনে দাঁড়িয়ে সেই বিখ্যাত পোজটিও পুনরায় দেন তারা। ইলশেগুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দাঁড়ালেও দুই তারকাকে দেখতে লেস্টার স্কয়ারে ভিড় ছিল উল্লেখযোগ্য। দশকের পর দশক ধরে শাহরুখ-কাজল জুটি যে এখনো ভক্তদের হৃদয়ে একই রকম জায়গা দখল করে আছে, তারই প্রমাণ মিলল আবারও।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দুজনেই ছিলেন উৎফুল্ল। পরে শাহরুখ খান বলেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয়ে। আমরা বলতে চেয়েছিলাম একটা প্রেমের গল্প- যা সব বাধা ভেঙে দেয় ও পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই হয়তো ৩০ বছর পরও এই সিনেমা মানুষের মনে এত গভীর প্রভাব ফেলে যাচ্ছে।

আরও পড়ুন

অন্যদিকে কাজল মন্তব্য করেন, ৩০ বছর পরও ডিডিএলজে এত ভালোবাসা পায়, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছে আমাদের ইতিহাসের একটা অংশ যেন নতুন করে জীবন্ত হলো-একটা গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে শাহরুখ-কাজল ছাড়াও অভিনয় করেছিলেন অমরেশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদিসহ আরও অনেকে। তিন দশক পরও এই সিনেমার প্রভাব ও জনপ্রিয়তা অটুট-আর লেস্টার স্কয়ারে স্থাপিত নতুন মূর্তি তা আরও একবার প্রমাণ করে দিল।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission