
হলিউডে বিদ্যুৎ জামওয়ালের অভিষেক হতে চলেছে মারাত্মক রুক্ষ, যুদ্ধমুখী এক লুকে, যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত ছবিতে, বিদ্যুৎকে ‘স্ট্রিট ফাইটার’ সিনেমার ধালসিমের চরিত্রে দেখা গেছে, যার শারীরিক গঠন এবং শক্তিশালী উপস্থিতি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। তার স্টাইলিং এবং ভঙ্গি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন এটি একদিকে যেমন শারীরিক শৃঙ্খলা এবং শক্তি প্রদর্শন করে, তেমনি অন্যদিকে ধির, আধ্যাত্মিক আভা বহন করে। এক কথায়, বিদ্যুৎ জামওয়াল যেন এই চরিত্রটির জন্য একেবারে নিখুঁত পছন্দ। খবর বলিউড হাঙ্গামার।
‘স্ট্রিট ফাইটার’ সিনেমাটি বিশ্বব্যাপী গেমিং ফ্র্যাঞ্চাইজির একটি আধুনিক রূপে নতুন করে উপস্থাপন করবে, যেখানে বিশাল বাজেট এবং একাধিক আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি থাকবে। এই ছবিতে বিদ্যুৎ জামওয়াল ছাড়া আরও আছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি, কলিনা লিয়াং, রোমান রেইন্স, ডেভিড দাস্তমালচিয়ান, কোডি রোডস, এরিক আন্দ্রে, ৫০ সেন্ট এবং জেসন মোমোয়া।
সিনেমাটির পরিচালনা করছেন কিতাও সাকুরাই, যিনি চরিত্রগুলোর লড়াইয়ের দৃশ্যগুলেঅকে আরও শক্তিশালী এবং আধুনিক করতে কাজ করেছেন। বিদ্যুৎ জামওয়ালের মার্শাল আর্ট এবং অ্যাকশন সিনেমার অভিজ্ঞতা তাকে ধালসিম চরিত্রে আদর্শ প্রার্থী হিসেবে তুলে ধরেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি এই সিনেমার লড়াইয়ের দৃশ্যগুলোকে আরও বাস্তবসম্মত এবং আকর্ষণীয় করে তুলবে।
তাছাড়া, ছবির প্রথম ঝলক এবং ধালসিম চরিত্রে বিদ্যুৎ জামওয়ালের অভিষেক নিশ্চিতভাবে সিনেমাটির জন্য একটি বড় আকর্ষণ তৈরি করেছে। ২০২৬ সালের ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির জন্য নির্ধারিত এবং ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।
আরটিভি/কেআই




