
দীর্ঘদিন ধরে বলিউডে বাংলাদেশের অভিনেতাদের কেন্দ্রীয় চরিত্রে দেখা পাওয়া ছিল একটি বিরল ঘটনা। সেই নীরব বাধা এবার ভাঙলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের লিড চরিত্রে হাজির হচ্ছেন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে।
মঙ্গলবার সিরিজটির টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে দেখা গেছে আরিফিন শুভকে জিমি রয় চরিত্রে, যা গল্পের প্রাণকেন্দ্র। পুরো সিরিজের আবর্তন তার চারপাশে, যেখানে প্রতিটি দৃশ্য ও মুহূর্ত যেন তার চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে। টিজারে আরিফিন শুভকে বিভিন্ন লুকে দেখা গেছে-ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গি, আবার সাদা ঝকঝকে স্যুটে নাচের দৃশ্যে। প্রতিটি লুকে রেট্রো ধাঁচের চুল ও পোশাকের মাধ্যমে ১৯৭০-এর দশকের আবহ ফুটে উঠেছে।
চরিত্রটি নিয়ে আরিফিন শুভ বলেন, জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে দর্শক পুরো আবহ অনুভব করতে পারবেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আরিফিন শুভ চারটি ভাষায় অভিনয় করেছেন-বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি। সিরিজের পটভূমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ১৯৭০-এর দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। প্রতিটি দৃশ্য ঐ সময়ের ইতিহাস ও আবহকে জীবন্ত করে তুলে, দর্শককে সেই সময়ে নিয়ে যায়।
সিরিজটির পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে খ্যাত। আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে, এছাড়া থাকছে বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।
‘জ্যাজ সিটি’ ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।
আরটিভি/কেআই




