দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার আবারো হাজির হয়েছেন নতুন গান নিয়ে। অসংখ্য জনপ্রিয় হিটের পর এবার তিনি শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন একটি ভিন্নধারার গান ‘এই ব্যথা’, যা প্রকাশের পরই সঙ্গীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
গানটি লিখেছেন মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, আর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। তাছাড়া, এর ব্যতিক্রমী ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পী।
গানটি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের নানা পরিচিত মুখ, যেমন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাস এবং আরও অনেকে। অনুষ্ঠানে বাপ্পা মজুমদার বলেন, অনেক দিন পর আয়োজন করে একটি গান প্রকাশিত হলো। এই টিমের প্রত্যেক সদস্যই গানে তাদের সেরাটা দিয়েছেন। আজকের দিনটি আমার জন্য আরও বিশেষ, কারণ আজ আমার বড় কন্যার জন্মদিন। সেই সাথে ‘এই ব্যথা’ গানটির প্রকাশ আমাকে এক অন্যরকম আনন্দের জগতে নিয়ে গেছে। ভিডিওটি দর্শকদের জন্য নতুন মাত্রা আনবে বলে আমার বিশ্বাস।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গানটি শ্রোতাদের হৃদয় ছুঁবে।
‘এই ব্যথা’ গানটি ১৮ ডিসেম্বর থেকে ইউটিউব চ্যানেল-এ দেখা যাচ্ছে। এছাড়া গানটি দেশের এবং আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
আরটিভি/কেআই



