
মার্ভেল স্টুডিওস তাদের আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ প্রচারের জন্য একটি নতুন কৌশল গ্রহণ করেছে। একক কোনো ট্রেলার প্রকাশ না করে, স্টুডিও চারটি আলাদা আলাদা টিজার ভিডিও তৈরি করেছে, যা শুধুমাত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রদর্শনীতে দেখানো হচ্ছে। খবর লিগাডো ডা মার্ভেলের।
প্রথম সপ্তাহে সিনেমা হলে উপস্থিত দর্শকরা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম এক্সক্লুসিভ ট্রেলারটি দেখেন। পরবর্তী সপ্তাহে প্রথম ট্রেলারটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে নতুন টিজার আসে। এই প্রক্রিয়া চলবে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত, যেখানে এক এক করে চারটি ট্রেলার প্রকাশিত হবে।
প্রথম ট্রেলারটি মূলত স্টিভ রজার্স এবং তার চরিত্রে ক্রিস ইভান্সের প্রত্যাবর্তন নিয়ে ছিল। যদিও শুধুমাত্র সিনেমা হলে এই ট্রেলারটি দেখানো হচ্ছিল, তবে তা অনলাইনে ফাঁস হয়ে যায়, যা অনেকটা প্রত্যাশিত ছিল।
এখন, দ্বিতীয় ট্রেলার ইতিমধ্যেই সিনেমা হলে পাঠানো হয়েছে। কিপটিক অ্যাকাউন্টের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন টিজারটি থর এর প্রত্যাবর্তন নিয়ে এবং এটি বুধবার থেকে সিনেমা হলে প্রদর্শিত হবে। ফাইলটি অত্যন্ত গোপনীয়তার সাথে প্রেক্ষাগৃহে পাঠানো হয়েছে এবং এর প্রদর্শনের জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে।
এই ট্রেলারগুলোর পরিবর্তন হওয়ার সাথে সাথে অনলাইনে নতুন নতুন ফাঁস হওয়ার সম্ভাবনা বাড়ছে, যা প্রথম সপ্তাহে ঘটেছিল।
আগামী দুইটি টিজারের মধ্যে, তৃতীয় টিজারটি সম্ভবত লোকি চরিত্রকে কেন্দ্র করে থাকবে, যেখানে টম হিডলস্টন তার চরিত্রে ফিরে আসবেন।
চতুর্থ এবং চূড়ান্ত ট্রেলারটি মূলত সিনেমার প্রধান ভিলেনকে পরিচয় করিয়ে দেবে। যদিও কিছু আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে ভক্তদের অনুমান এই ট্রেলারটি ডক্টর ডুমকে কেন্দ্র করে হবে, যিনি রবার্ট ডাউনি জুনিয়রের মাধ্যমে পর্দায় উপস্থিত হবেন।
আরটিভি/কেআই




