মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর টিজার মুক্তি পেতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। সবুজ রঙে ভরা এই পোস্টার শুধু দৃষ্টিনন্দনই নয়, বরং এমসিইউ-এর দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য রহস্য ও যোগসূত্রের ইঙ্গিতও দিচ্ছে। খবর দ্য ডাইরেক্টের।
পোস্টারে ক্লাসিক অ্যাভেঞ্জার্স লোগোর মধ্যেই দেখা যাচ্ছে নতুন ধরনের নকশা, যা আগের কোনো অ্যাভেঞ্জার্স ছবির পোস্টারে দেখা যায়নি।
পোস্টারের অ্যাভেঞ্জার্স লোগোর “A” অক্ষরের ফাঁকগুলোতে দেখা যাচ্ছে স্টেইন্ড-গ্লাসের মতো নকশা, যার ভেতর দিয়ে সবুজ আলো ঝলমল করছে। অনেকের মতে, এটি রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম চরিত্রের সবুজ রঙের লুকের প্রতি ইঙ্গিত।
লোগোর চারপাশের বৃত্তে রয়েছে রহস্যময় রুন, অর্ধচন্দ্র এবং চাকার মতো প্রতীক, যা এমসিইউ-তে আগে দেখা নানা জাদুকরী প্রতীকের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ভক্তরা।

এমসিইউ-তে ডক্টর ডুমের সম্ভাব্য লুকের একটি ছবিতে দেখা গেছে, তার পোশাকেও রয়েছে অনুরূপ রুন। সবুজ হুড ও ক্লোক পরিহিত ডুমের কাঁধে রয়েছে রুপালি বৃত্ত, যেখানে থরের হাতুড়ি মিয়োলনির ও ক্রী জাতির প্রতীক ‘হালা স্টার’ খোদাই করা।
এছাড়া, চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মার্কেটিং এক্সপো-তে এক বিশেষ লাইট শোতে দেখা যায়-ডক্টর ডুম দুই হাতের মাঝে সবুজ জাদুকরী রুন তৈরি করছেন, যা পোস্টারের নকশার সঙ্গেও মিল রাখে।

এই রুনভিত্তিক জাদু নতুন নয়। ডক্টর স্ট্রেঞ্জ, ওয়ান্ডা ম্যাক্সিমফ (স্কার্লেট উইচ) কিংবা সাম্প্রতিক আয়রন হার্ট সিরিজেও একই ধরনের বৃত্তাকার রুন দেখা গেছে।
বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এ ডক্টর স্ট্রেঞ্জের জাদু কিংবা ‘ওয়ান্ডা ভিশন’ ও ‘মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ ওয়ান্ডার জাদু, সবকিছুতেই এই প্রতীকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কিছু তত্ত্ব বলছে, পোস্টারের নকশা যুক্ত হতে পারে শ্যাং-চি ও মিস মার্ভেল-এর সঙ্গেও। ‘শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দি টেন রিংস’ ছবিতে দেখা টেন রিংস-এর গায়ে থাকা হাজার বছরের পুরনো রুন এবং মিস. মার্ভেল-এর শক্তির উৎস ব্রেসলেট, দুটোর নকশার সঙ্গেই পোস্টারের প্রতীকের মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

রবার্ট ডাউনি জুনিয়র, যিনি দীর্ঘদিন এমসিইউ-তে আয়রন ম্যান হিসেবে পরিচিত ছিলেন, এবার ডক্টর ডুম চরিত্রে ফিরছেন-এটাই এই ছবির সবচেয়ে বড় চমক। মাল্টিভার্স সাগার অংশ হিসেবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হয়ে উঠতে চলেছে মার্ভেলের সব থেকে বড় এক ইভেন্ট।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হবে মার্ভেল স্টুডিওসের ফেজ ৬-এর তৃতীয় ছবি এবং এমসিইউ-এর পঞ্চম অ্যাভেঞ্জার্স মুভি। এতে অ্যাভেঞ্জার্স, এক্স-মেন ও ফ্যান্টাস্টিক ফোর একসঙ্গে লড়বে ডক্টর ডুমের বিরুদ্ধে। এখন পর্যন্ত ২৮ জন এমসিইউ ও লিগ্যাসি মার্ভেল তারকা এই ছবির কাস্টে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।
সব ঠিক থাকলে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটি মুক্তি পাবে।
আরটিভি/কেআই





