ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন রকস্টার ব্র্যাড আর্নল্ড

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
ছবি : সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন গ্র্যামি-মনোনীত জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসায় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রকস্টার। ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্টেজ–৪ কিডনি ক্যানসারে আক্রান্ত ব্র্যাড স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে নিয়েই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে জানান ব্র্যাড আর্নল্ড। তখন তিনি জানান, তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা শনাক্ত হয়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। ক্যানসারের খবর জানিয়ে সে সময় তিনি বলেছিলেন, আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলে আমার জন্য প্রার্থনা করবেন।

তার অসুস্থতার কারণে ওই সময় ব্যান্ডটির নির্ধারিত একাধিক ট্যুর বাতিল করা হয়।

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গঠিত হয় ‘থ্রি ডোরস ডাউন’। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ প্রকাশের পরই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং অ্যালবামটি ছয় মিলিয়নের বেশি কপি বিক্রি হয়।

এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে। তাদের ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড। ব্র্যাড আর্নল্ডের লেখা ‘ক্রিপ্টোনাইট’, ‘হেয়ার উইথাউট ইউ’, ‘হোয়েন আই’ম গন’ ও ‘লুজার’ এই গানগুলো রক সংগীতে তাকে এনে দেয় আলাদা পরিচিতি ও খ্যাতি।

এক শক্তিশালী কণ্ঠের বিদায়ে বিশ্ব সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
সিনেমার শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান।
যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার
ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তার। প্রস্তুতি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেন এই অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।
‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করে ইউটিউবে প্রকাশের ঘটনায় ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে দুই বছরের জন্য সংগীতচর্চা ও শিল্পকর্মে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। ইরানের ২৯ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে দেওয়া সাজা সোমবার (২৩ নভেম্বর) কার্যকর করা হয়। একই ঘটনায় তার ব্যান্ডের চার সদস্যকেও শাস্তির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ২০২৪ সালের ডিসেম্বরে ধারণ করা একটি কনসার্টের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন পারাস্তু আহমাদি। ‘কল্পনার কনসার্ট’ নামে পরিচিত ওই ভিডিওতে তিনি নয়টি ফারসি গান পরিবেশন করেন। ভিডিওটি এখন পর্যন্ত ৩২ লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে পারাস্তুর পরনে লম্বা পোশাক থাকলেও মাথা ছিল অনাবৃত। তার কাঁধও ঢাকা ছিল না। এ সময় তার সঙ্গে কয়েকজন পুরুষ সংগীতশিল্পী অংশ নেন। আইনজীবীর বরাতে জানা গেছে, পারাস্তু আহমাদি এবং তার ব্যান্ডের সদস্য সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারিকে কোম শহরের প্রসিকিউটর কার্যালয়ের সাজা কার্যকরকারী বিভাগে নেওয়া হয়। সেখানেই তাদের বিরুদ্ধে বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়। এর আগে কোমের একটি ফৌজদারি আদালত ‘সাইবার জগতে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে। পরে আপিল আদালতও সেই রায় বহাল রাখে। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে জনসমক্ষে নারীদের এককভাবে গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে দেশটির অনেক নারী সংগীতশিল্পী ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হন। কেউ কেউ সংগীতচর্চা ছেড়ে দিয়েছেন, আবার অনেকে দেশত্যাগ করেছেন। তবে নিজের কনসার্টকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরেছিলেন পারাস্তু আহমাদি। ভিডিও প্রকাশের সময় তিনি লিখেছিলেন, ‘আমি পারাস্তু। এমন এক মেয়ে, যে তার প্রিয় মানুষদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’ গত অক্টোবরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরানি কর্তৃপক্ষের প্রতি পারাস্তু ও কনসার্টে অংশ নেওয়া অন্য শিল্পীদের বেত্রাঘাতের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছিল। ভিডিও প্রকাশের পর উত্তরাঞ্চলীয় শহর সারি থেকে পারাস্তুকে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। তবে ব্যাপক জনরোষের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তেহরানের বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্যাক্সি, ক্যাফে ও রাস্তাঘাটে বাজছিল পারাস্তুর গান। এদিকে ইরানের অলাভজনক প্রতিষ্ঠান হাউস অব মিউজিকের প্রধান হামিদ রেজা নুরবাখশ নারী শিল্পীদের সংগীতচর্চা নিয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকার সমালোচনা করেছেন। তার মতে, নারীদের গান গাওয়া নিষিদ্ধ করে এমন কোনো স্পষ্ট ধর্মীয় বিধান নেই। তাই বিষয়টির একটি চূড়ান্ত সমাধান হওয়া প্রয়োজন। পারাস্তু আহমাদির এই ঘটনা ইরানে নারীদের সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংগীতচর্চার স্বাধীনতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। আরটিভি/এসকে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
আরও পড়ুন
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!