
মাত্র ৩৬ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়েরি। ‘হিরোস’, ‘ন্যাশভিল’ ও ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুর খবর তার পরিবার ও প্রতিনিধির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
হেইডেনের বাবা স্কিপ প্যানেত্তিয়েরি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মেয়ের মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি হেইডেনকে ‘অসাধারণ এক আলোর মতো মানুষ’ ও ‘শক্তিশালী ব্যক্তিত্ব’ হিসেবে স্মরণ করেন। তার ভাষ্য, হেইডেন পরিচিতজনদের পাশাপাশি পর্দায় তাকে দেখা কোটি মানুষের জীবনেও ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছিলেন।
২০০৬ সালে শুরু হওয়া জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিরোস’-এ বিশেষ ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হেইডেন। চরিত্রটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে এবং এ কাজের জন্য তিনি তিনটি টিন চয়েস অ্যাওয়ার্ডও পান।
এরপর ‘ন্যাশভিল’ সিরিজে তরুণ কান্ট্রি সংগীতশিল্পী জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এই চরিত্রের জন্য দুটি গোল্ডেন গ্লোব মনোনয়নও পেয়েছিলেন হেইডেন। অভিনয়ের পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।
বড় পর্দাতেও হেইডেনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘আই লাভ ইউ, বেথ কুপার’ এবং ‘স্ক্রিম’ সিরিজের সিনেমাগুলোতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ‘স্ক্রিম ৪’-এ কিরবি রিড চরিত্রে অভিনয়ের পর দীর্ঘ বিরতি শেষে ‘স্ক্রিম ৬’-এ একই চরিত্রে আবারও পর্দায় ফেরেন।
শিশুশিল্পী হিসেবেই অভিনয়জীবন শুরু করেছিলেন হেইডেন। বিজ্ঞাপন ও টেলিভিশন অনুষ্ঠানে কাজের পর অ্যানিমেশন সিনেমা ‘আ বাগস লাইফ’-এ প্রিন্সেস ডট চরিত্রে কণ্ঠ দেন। পরবর্তী সময়ে কণ্ঠশিল্পী হিসেবেও সাফল্য পান এবং গ্র্যামি মনোনয়ন অর্জন করেন।
ব্যক্তিগত জীবনেও নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অ্যালকোহল ও আসক্তির সঙ্গে লড়াই, সন্তান জন্মের পর বিষণ্নতা এবং নিজের জীবনের নানা সংকট নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন হেইডেন। ২০২৬ সালে প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’-এ জীবনের নানা কঠিন অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ইউক্রেনের সাবেক পেশাদার বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে হেইডেনের ১১ বছর বয়সী মেয়ে কায়া রয়েছে। ২০১৮ সালে মেয়ের পূর্ণ হেফাজত ক্লিৎসকোর কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে এ সিদ্ধান্তের পেছনের কারণ নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
হেইডেনের ছোট ভাই জ্যানসেন প্যানেত্তিয়েরিও ছিলেন অভিনেতা ও কণ্ঠশিল্পী। ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে তার মৃত্যু হয়।
মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার ও পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগেও সক্রিয় ছিলেন হেইডেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়েও কাজ করেছেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন অভিনেতা ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। সংগঠনটি হেইডেনের দীর্ঘ অভিনয়জীবন ও দর্শকের মনে জায়গা করে নেওয়া তার চরিত্রগুলোর কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে। ‘স্ক্রিম ৬’-এর সহশিল্পী মেলিসা বারেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে হেইডেনকে স্মরণ করেছেন।
মাত্র ৩৬ বছর বয়সে হেইডেন প্যানেত্তিয়েরির আকস্মিক মৃত্যু হলিউডে এবং তার ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
আরটিভি/এসকে


