
দীর্ঘদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে সম্প্রতি বিবাহ বন্ধনে জড়িয়েছেন বলিউড তারকা সোনম কাপুর। গত ৮ মে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সোনমের বিয়ে। বিয়ের পর পরই কাপুর কন্যা স্বামীর সঙ্গে পাড়ি জমান ফ্রান্সের কান শহরে। সেখানে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন।
সোনমের বিয়ে নিয়ে এবার জানা গেলো নতুন তথ্য। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত ১২ই মার্চ অনুষ্ঠিত হবার কথা ছিল সোনম-আনন্দের বিয়ে। কিন্তু কেন পিছিয়ে ৮ মে বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছিল? সে কথায় জানা গেলো এবার।
সোনম কাপুরের বান্ধবী স্বরা ভাস্কর সম্প্রতি এক রেডিও চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘সোনমের বিয়ে হবার কথা ছিল ১২ মার্চ। আমার ভাইয়ের বিয়েও ১২ মার্চ ঠিক হয়েছিল। এ নিয়ে কয়েক দিন ওর ভীষণ মন খারাপ ছিল। ও চাইছিল যেন আমার ভাইয়ের বিয়েটা পিছিয়ে যায়। কিন্তু সেটা সম্ভব ছিল না।’

স্বরা আরও বলেন, ‘শেষ পর্যন্ত নিজের বিয়েই দুই মাস পিছিয়ে দেয় সোনম। এজন্য আমি সোনমের কাছে ভীষণ কৃতজ্ঞ। ও খুব বড় হৃদয়ের মানুষ। অনেকেই এমন সিদ্ধান্ত নিতে সাহস করত না। কিন্তু সে সোনম বলেই পেরেছে।’
সোনম কাপুর ও স্বরা ভাস্করের বন্ধুত্ব অনেক দিনের। ‘রানঝানা’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ছবিতে তারা একসঙ্গে অভিনয়ও করেছেন।
পিআর/জেএইচ




