
অভিনয় নৈপূণ্যে কোটি মানুষকে মুগ্ধ করেছেন। হয়ে উঠেছেন সবার প্রিয় অভিনেতা। সিনেমায় খল অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন, পরে নায়ক হিসেবেই জনপ্রিয়তা পান। তিনি জসিম। পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন।
গুণী এই অভিনেতার ২০তম প্রয়াণ দিবস আজ। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নায়ক জসিমের জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সাল থেকে অভিনয় জীবন শুরু।
দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। ‘দোস্ত দুশমন’ছিল হিন্দি ‘শোলে’ সিনেমার রিমেক। এই ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন জসিম। এর বেশ কয়েক বছর পর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন।
জসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- রংবাজ, তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাইবোন, মেয়েরাও মানুষ, পরিবার, রাজা বাবু, বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগী, টাইগার, হাবিলদার, ভালোবাসার ঘর প্রভৃতি।
পিআর/এসআর




