
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (২৬ অক্টোবর) একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি হলো, নম্রতা সিং গুজরালের পরিচালনায় ‘ফাইভ ওয়েডিংস’। ভারতের পাশাপাশি একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।
অন্যদিকে, গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হরর ছবি ‘হ্যালোইন’ আসছে বাংলাদেশের দর্শকদের সামনে।
‘ফাইভ ওয়েডিংস’ মূলত হলিউডের ছবি। কিন্তু পরিচালক এবং মূল দুই অভিনয়শিল্পী বলিউডের। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা রাজকুমার রাও। অন্যদিকে রয়েছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই’-এ দেখা গিয়েছিল।
এদিকে চার দশক পর আবারও নতুন করে পর্দায় এসেছে ‘হ্যালোইন’। ১৯৭৮ সালে জন কার্পেন্টারের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় আসেন সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স।
হ্যালোইনের রাতে এই সিরিয়াল কিলারের টার্গেট ছিল বেবিসিটাররা। মুক্তির পরে বক্স অফিসে সাড়া জাগায় ছবিটি। পরে এর বেশ কয়েকটি সিক্যুয়াল হলেও প্রথমটির নামের মর্যাদা রাখতে পারেনি কোনোটাই।
এবার সম্পূর্ণ নতুনরুপে বেবিসিটারদের ঘুম হারাম করতে আসছেন মাইকেল মায়ার্স। ৪০ বছর আগের দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া লরি স্ট্রোড আবারও মুখোমুখি হবে সিরিয়াল কিলারের।
লরি স্ট্রোড হিসেবে আবারও পর্দায় আসছেন জেমি লি কার্টিস এবং সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স চরিত্রে ফের দেখা যাবে নিক ক্যাসেলকে।
আরও পড়ুন :
পিআর/এসএস




