
কথা ছিল ক্যাটরিনা ও আনুশকার দিকে নজর রাখার। তবে সুহানা নজর রেখেছিল বলিউড বাদশা শাহরুখের দিকে। শাহরুখ যেন সঠিক সময়ে শুটিং সেটে পৌঁছায়। এজন্য একজন অভিভাবকের মত দায়িত্ব পালন করেছে সুহানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার প্রতি মেয়ের এমন দায়িত্ব পালনের কথা প্রকাশ করেছেন শাহরুখ। মেয়ে সুহানাকে নিয়ে তিনি বলেন, ‘জিরোর শুটিংয়ে ক্যাটরিনা আর আনুশকার প্রতি সুহানাকে নজর রাখতে বলেছিলাম। কারণ ওরা দু’জনে দু’টো আলাদা ঘরানার অভিনেতা। ক্যাটরিনা ও আনুশকার অভিনয় দেখে ওর শেখার কথা ছিল। তবে ওরা সুহানাকে আমার ওপর নজর রাখতে বলেছিল। যাতে আমি সঠিক সময়ে শুটিংয়ে পৌঁছাই। এজন্য সুহানা বলত, বাবা শট রেডি।’
শাহরুখ খানের ‘জিরো’ ব্যবসা সফলের তালিকায় আসতে পারেনি। তবে শাহরুখের জীবনস্মৃতিতে এই সিনেমাটি আলাদা মাত্রা যোগ করেছে। প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে সিনেমাটির মাধ্যমে কাজ করেছেন তিনি। জিরোর পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে সহপরিচালক হিসেবে কাজ করেছে সুহানা।
শাহরুখ খানের জীবনের অন্যতম অংশ সুহানা। বাবা হিসেবে তাকে অন্তরের শীর্ষে স্থান দিয়েছেন শাহরুখ। বাবার পরিপূর্ণ ভালোবাসায় জীবনের আঠারটি অধ্যায় পার করেছে সুহানা। সুন্দর জীবন গঠনের পরামর্শ পেয়েছেন বাবার থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে বাবা-মেয়ের সুন্দর মুহূর্তের ছবিগুলো সে বার্তা দেয়।
জিএ/পি




