
প্রকাশ্যে এলো তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র ফার্স্টলুক। আর জয়ললিতার ভূমিকায় কঙ্গনা রানাওয়াত লুকও সামনে এসেছে। ‘থালাইভি’ নিয়ে আলোচিত-সমালোচিত হচ্ছেন অভিনেত্রী।
অভিনেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেমন ছিলেন জয়ললিতা, দুই সত্ত্বা প্রকাশ্যে এলো ফার্স্টলুকে। ‘থালাইভি’ নিয়ে দর্শকমনে প্রথম থেকেই কৌতূহল ছিল। আর সেই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর কেউ সমালোচনা করছেন, কেউবা করছেন প্রশংসা।
প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর সমালোচকদের আক্রমণের শিকার ‘থালাইভি’ নির্মাতা। মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। কঙ্গনা নাকি মুখে ১ কেজি মেকআপ লাগিয়ে জয়ললিতা সেজেছেন, এমন মন্তব্য করেছেন অনেকে। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর লুককে পর্দায় ধরতে গিয়ে যেভাবে মেকআপ করেছেন কঙ্গনা, তা অনেকের কাছে অসহনীয় মনে হয়েছে। যে মেকআপ নিয়ে এত হইচই, তার নেপথ্যে রয়েছেন হলিউডের প্রস্থেটিক বিশেষজ্ঞ এবং ক্যাপ্টেন মার্ভেল খ্যাত জসন কলিন্স। যিনি তৈরি করেছেন কঙ্গনার এই ‘থালাইভি’ লুক।

চলচ্চিত্রের একটি লুক
রাজনীতিবিদদের নিয়ে সিনেমা করা এখন ভারতীয় চলচ্চিত্র নতুন ট্রেন্ড। শিবসেনা প্রধান বাল ঠাকরে আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সিনেমা আগেই তৈরি হয়েছে। হয়েছে তেলুগু সুপারস্টার থেকে দুঁদে রাজনীতিবিদ এনটি রামা রাওয়ের বায়োপিক এবং নরেন্দ্র মোদি, রাহুল গান্ধীর বায়োপিকও। সেই তালিকাতেই সংযোজন জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’।
‘থালাইভি’ পরিচালনা করেছেন এল বিজয়। ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, এই শতাব্দীতে জয়ললিতা একজন সফল নারী। প্রথমজীবনে তিনি ছিলেন সুপারস্টার। পরে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। সেখানেও তিনি সফল। তার চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি। আগামী বছর মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’।”
‘মনিকর্ণিকা’র পর আরেক বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনাকে। ‘থালাইভি’ নাম শুধুমাত্র তামিল দর্শকদের জন্য। কারণ, হিন্দিতে এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘জয়া’। আর এই বায়োপিকেই মূল চরিত্রে থাকছেন কঙ্গনা। যে বায়োপিকের জন্য কঙ্গনা পারিশ্রমিকও হাঁকিয়েছেন ২৪ কোটি রুপি। যা আজ পর্যন্ত কোনও দক্ষিণী ছবিতে অভিনয়ের জন্য বা মুখ দেখানোর জন্য বলিউডের কোনও অভিনেতাকেই দেওয়া হয়নি।
জিএ




