
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বন্ধুত্ব ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ আলোচিত। শুধু বন্ধুত্ব নয়, অমিতাভ যে রজনীকান্তের অনুপ্রেরণা সে কথা স্বীকার করেছেন রজনীকান্ত। অমিতাভের উপদেশ মেনে চলেন অভিনেতা।
সম্প্রতি নিজের নতুন ছবি ‘দরবার’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রজনীকান্ত বলেন, আমাকে তিনটি উপদেশ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার প্রথম দুটি মেনে চললেও, পরিস্থিতির চাপে তৃতীয়টি মানতে পারিনি।
তিনি বলেন, রুপালী পর্দায় এবং তার বাইরেও আমি অমিতাভ বচ্চনের থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমার যখন ৬০ বছর বয়স, আমায় কিছু উপদেশ দিয়েছিলেন অমিতাভ। প্রথমত তিনি আমায় বলেছিলেন নিয়মিত শরীরচর্চা করতে। এই কথা আমি এখনও মেনে চলি। দ্বিতীয়ত বলেছিলেন, সব সময় নিজেকে কোনও না কোনও কাজে ব্যস্ত রাখতে। নিজের খুশি মতো কাজ করতে আর সমালোচনায় কান না দিতে। তার একথাও আমি মেনে চলার চেষ্টা করি। তবে অমিতাভের তৃতীয় উপদেশ আমি পরিস্থিতির চাপে মেনে চলতে পারিনি। অমিতাভ আমায় রাজনীতিতে যোগ দিতে নিষেধ করেছিলেন।’
উল্লেখ্য, ২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেবেন রজনীকান্ত। এই প্রথম নয়, দক্ষিণী এই তারকা বেশ কিছু বছর যাবত রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
নিজের পরিচয় নিয়ে রজনীকান্ত বলেন, আমি এখনও বুঝি না মানুষ কেন আমায় সুপারস্টার বলেন। একবার পর্দায় নিজের নামের পাশে সুপারস্টার লেখা দেখে আমি প্রযোজককে ডেকে প্রশ্ন করেছিলাম, আমায় জিজ্ঞাসা না করে আমার নামের পাশে সুপারস্টার লেখা হলো কেন? আমার এখনও সাধারণ মানুষই মনে হয় নিজেকে।
রজনীকান্তের নতুন ছবি ‘দরবার’-এ ২৫ বছর বয়সী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ৬৯ বছরের এই তারকা। ছবিতে রয়েছেন সুনীল শেঠি। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
জিএ/এম




