
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। সময় যতই যাচ্ছে ততই যেনো রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে। নতুন খবর হলো পরিচালক আলী জুলফিকার জাহেদী বানাচ্ছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের একটি চলচ্চিত্র। এতে রুপালি পর্দার মানুষের জীবনের গল্প তুলে ধরা হবে। আর এই ছবিটিতেই অষ্টমবারের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান।

রুনা খান বলেন, গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।

রুনা খান জানান, পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। সেটি তুলে ধরা হবে সিনেমায়। ‘চলচ্চিত্র: দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কাজটির জন্য। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে।
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মাতা আলী জুলফিকার জাহেদীর দ্বিতীয় সিনেমা। তিনি জানিয়েছেন, আসন্ন শীত মৌসুমে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তুতি পুরোপুরি শেষ না হলে কিছুটা পিছিয়েও যেতে পারে সময়সূচি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের আরও তিনটি চলচ্চিত্র—মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।
আরটিভি/এএ/এস




