
কিংবদন্তি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। তার হাত ধরেই অনেকেই আজ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাদেরই একজন ডা. এজাজ। চিকিৎসক থেকে পুরোদস্তর অভিনেতা ডা. এজাজ হুমায়ূন আহমেদের হাত ধরেই। পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। কাজ করেছেন হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূনের সঙ্গেও।
ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে ‘ওরা তিনজন’ নামের একটি প্রজেক্ট বানান নুহাশ হুমায়ূন। সেবারই প্রথম হুমায়ূনপুত্রের নির্দেশনায় ক্যামেরায় দাঁড়িয়েছেন তারা।
হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে নুহাশ হুমায়ূনকে নিয়ে ডা. এজাজ বলেন, একেবারে স্যারের (হুমায়ূন আহমেদ) মতো কাজ করছিল নুহাশ। শুটিংয়ের সময় হুট করে স্যার ঢুকে কোনো একটা সংলাপ পাল্টে দিতেন, অভিনয়ের কোনো অংশ বদলে দিতেন। আমরা অবাক হয়ে যেতাম। নুহাশের ক্ষেত্রেও এটা লক্ষ্য করেছি। শুটিংও হয়েছে সেই চিরচেনা নুহাশ পল্লীতে। সে কারণে পাঁচটা দিন ঘোরের মধ্যে ছিলাম। স্যার বহুদিন আগে চলে গেছেন। কিন্তু আমাদের মনে হয়েছে ১৫-১৬ বছর পর আবার স্যারের সঙ্গে কাজ করছি। ঘোরের মধ্যে ছিলাম। একবারও মনে হয়নি স্যার নেই। মনে হয়েছে তিনি বেঁচে আছেন। আমরা তার জগতেই আছি।
ডা. এজাজ বলেছিলেন, স্যার থাকলে নুহাশের কাজ দেখে খুশিতে কাঁদতেন। আমি এখন কথা বলছি আমারও কান্না পাচ্ছে। একে আনন্দ অশ্রু বলি। স্যারের চোখেও সেই অশ্রু দেখা যেত। কেননা সন্তানের সাফল্য বাবার কাছে ভীষণ আনন্দের।
আরটিভি/এএ




