
কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। চীনে অবস্থানকালে হঠাৎই এই মর্মান্তিক সংবাদ পান তিনি। স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যুর ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, জুবিন গর্গ যখন মারা যান তখন আমি চায়নাতে। তার মৃত্যুর খবর আমাকে বিমর্ষ করে দিলো। এত কষ্ট লাগল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমন মারা যাওয়ার ঘটনা সত্যি ভয়ানক কষ্টদায়ক।
জুবিন গর্গের কণ্ঠে জনপ্রিয় হওয়া গান ‘ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট’ বাংলাদেশের যুব সমাজের মুখে মুখে। গানটি ছিল অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’র একটি দৃশ্যের অংশ। গানটির সুর করেছিলেন আকাশ।
অনন্ত জলিল বলেন, দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা অনেক জনপ্রিয়। শিক্ষার্থীরা নানা অনুষ্ঠানে গায়, নাচ করে। দেশের সব কলেজের ছেলে-মেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম। সবাই জানে, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন – আমি সত্যিই ব্যথিত। আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
তিনি আরও বলেন, শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে আমি এই গানের জনপ্রিয়তা দেখেছি। বিভিন্ন দেশে ভ্রমণের সময় দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গান গাইছে, আমার সঙ্গে নাচতে বলছে। এই গান এবং জুবিন গার্গ আমাকে এক নতুন পরিচিতি দিয়েছে।
জুবিন গর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনন্ত জলিল বলেন, জীবনের এই মুহূর্তে এসে বুঝতে পারি, কিছু শিল্পী শুধুই গান গায় না—তারা মানুষের হৃদয়ে জায়গা করে নেন। জুবিন গার্গ তেমনই একজন ছিলেন।
উল্লেখ্য, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছিলেন তার স্ত্রী বর্ষা এবং কিংবদন্তি অভিনেতা রাজ্জাক।
আরটিভি/কেআই/এস




