ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন, আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।  ছবি: বাসস

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ও লালনসম্রাজ্ঞীখ্যাত ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১৩ সেপ্টেম্বর)। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর গত বছরের ১৩ সেপ্টেম্বর মারা যান এই বরেণ্য শিল্পী। মৃত্যুর এক বছর পরও তার কণ্ঠের গান, সংগীতসাধনা ও লালনের দর্শনের প্রতি তার নিবেদন শ্রোতাদের মনে অমলিন হয়ে আছে।

ফরিদা পারভীন শুধু একজন শিল্পী ছিলেন না, লালনগীতি ও বাঙালির লোকজ দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচারকও ছিলেন। তার কণ্ঠে লালন সাঁইয়ের গান দেশ-বিদেশের শ্রোতাদের কাছে পৌঁছে যায়। লালনের মানবতাবাদ, জীবনবোধ ও দর্শনকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তার ভূমিকা ছিল অনন্য।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। তবে তার শৈশব ও বেড়ে ওঠা কুষ্টিয়ায়। ছোটবেলায় মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে গানে তার হাতেখড়ি।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে তার সংগীতজীবন শুরু হয়। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পান তিনি। পরে সাধক মোকছেদ আলী সাঁইয়ের কাছে লালনসংগীতে তালিম নেওয়া শুরু করেন। এরপর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছ থেকেও তালিম নেন।

লালনের বাণী ও সুর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান ছিল বিশেষভাবে স্মরণীয়। তার গাওয়া লালনের গান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পায়। গানের টানে তিনি ছুটে বেড়িয়েছেন দেশ-বিদেশের নানা প্রান্তে।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ১৯৯৩ সালে অন্ধ প্রেম চলচ্চিত্রের নিন্দার কাঁটা গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার সম্মান পান। ২০০৮ সালে জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কারও অর্জন করেন তিনি।

শুধু গান গাওয়াই নয়, পরবর্তী প্রজন্মের মধ্যে লোকসংগীত ও লালনগীতি ছড়িয়ে দেওয়ার কাজেও যুক্ত ছিলেন ফরিদা পারভীন। প্রায় ১৭ বছর আগে জীবনসঙ্গী প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিমকে সঙ্গে নিয়ে ঢাকার তেজগাঁওয়ে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’। সেখানে লোকগান, নজরুলসংগীত, আধুনিক ও শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ছবি আঁকা, গিটার ও তবলা শেখানো হয়।

বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ৮০ জন শিক্ষার্থী সংগীতের তালিম নিচ্ছেন। তিন বছর বয়সী শিশু থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা—বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন তাদের মধ্যে।

ফরিদা পারভীনের মৃত্যুর এক বছর পরও তার প্রতিষ্ঠিত সংগীত একাডেমিতে চলছে তার স্বপ্ন বাস্তবায়নের কাজ। প্রতিষ্ঠানটি এখন একাই সামলাচ্ছেন গাজী আবদুল হাকিম।

ফরিদা পারভীনকে স্মরণ করে তিনি গণমাধ্যমকে বলেন, তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। বাংলা লোকগান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন ফরিদা পারভীন দেখেছিলেন, শিক্ষার্থীদের মাধ্যমে সেই স্বপ্ন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

ফরিদা পারভীনের সঙ্গে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ক ছিল বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের। বড় বোন ও ছোট বোনের মতো ছিল তাদের সম্পর্ক। প্রিয় শিল্পীকে স্মরণ করে ফেরদৌসী রহমান গণমাধ্যমকে বলেন, অন্যরা অনেক সময় মুখ দিয়ে গান গাইলেও ফরিদা পারভীনের গান শুনলে মনে হতো তিনি একেবারে ভেতর থেকে গাইছেন। গানের প্রতিটি কথা ও সারমর্ম উপলব্ধি করে তিনি গান গাইতেন।

ফেরদৌসী রহমান আরও বলেন, ফরিদা পারভীনের গান যেমন সহজ-সরল ও মিষ্টি ছিল, তার জীবনও ছিল তেমনই সহজ-সরল। তার মধ্যে কোনো জটিলতা দেখেননি তিনি।

ফরিদা পারভীনের সন্তানদের ইচ্ছা ছিল, মাকে কুষ্টিয়া পৌর শহরে তার মা-বাবার কবরের পাশে সমাহিত করার। শেষ পর্যন্ত সেই ইচ্ছাই পূরণ হয়। কুষ্টিয়া পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন এই কিংবদন্তি শিল্পী।

প্রথম মৃত্যুবার্ষিকীতে ফরিদা পারভীনকে স্মরণ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংগীত প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে। বাংলাদেশ বেতারে আজ (১৩ সেপ্টেম্বর) প্রচার হবে তাকে নিয়ে এক ঘণ্টার বিশেষ অনুষ্ঠান। সেখানে তার গান পরিবেশন করবেন নাসরিন আক্তার বিউটি ও সাজিয়া সুলতানা পুতুল। বাঁশি বাজাবেন গাজী আবদুল হাকিম।

এছাড়া আজ (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অচিন পাখি সংগীত একাডেমিতেও থাকছে স্মরণ আয়োজন। সেখানে একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা ফরিদা পারভীনের জীবন ও সংগীতে তার অবদান নিয়ে আলোচনা করবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরের একটি মিলনায়তনে ফরিদা পারভীনের গান ও জীবন নিয়ে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন গাজী আবদুল হাকিম।

এক বছর ধরে ফরিদা পারভীনের কণ্ঠে নতুন কোনো গান শোনা যায় না। তবে তার গাওয়া গান, শেখানো সুর, লালনের বাণী এবং সংগীতসাধনার উত্তরাধিকার এখনো বয়ে চলেছেন তার শিক্ষার্থীরা। গানে ও সাধনায় রেখে যাওয়া এই উত্তরাধিকারই বাঁচিয়ে রাখছে লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের স্মৃতি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন
বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় নাম ফিডব্যাক। দীর্ঘ পাঁচ দশকের সংগীতযাত্রা পেরিয়ে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছে ব্যান্ডটি। এ উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের পাশাপাশি দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে ফিডব্যাক।
ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন
মামলা করলেন আসিফ আকবর
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে।
মামলা করলেন আসিফ আকবর
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
মার্কিন পপ তারকা ক্যাটি পেরির ৪২তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন
বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরসাধক হেমন্ত মুখোপাধ্যায়কে (হেমন্ত কুমার) শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংগীতসন্ধ্যা ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’। আগামী ১ নভেম্বর হলিডে ইন এক্সপ্রেস ওয়াশিংটন ডিসি এসডব্লিউ স্প্রিংফিল্ড বাই আইএইচজি’তে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই অনুষ্ঠান। আমিত আঢ্য এবং মোহাম্মদ নকিবউদ্দিনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আন্তর্জাতিকভাবে সমাদৃত কণ্ঠশিল্পী সাগ্নিক সেন। বর্তমান সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের সার্থক ও শীর্ষস্থানীয় উত্তরসূরি হিসেবে গণ্য করা হয় সাগ্নিক সেনকে। রবীন্দ্র সঙ্গীতের মেলোডি থেকে শুরু করে হেমন্তের কালজয়ী সব ধ্রুপদী গান অত্যন্ত নিখুঁত ও নিজস্ব ভঙ্গিতে পরিবেশনের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে সাগ্নিক সেন বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের হৃদয় জয় করেছেন।  সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সাগ্নিক সেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে অন্যতম হলিউড থেকে প্রাপ্ত মর্যাদাপূর্ণ ‘দি অ্যাকাডেমিয়া মিউজিক অ্যাওয়ার্ড’। সঙ্গীতপ্রেমীদের জন্য ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’ হতে যাচ্ছে এক অনন্য ও নস্টালজিক অভিজ্ঞতা, যেখানে সাগ্নিক সেনের সুললিত কণ্ঠে জীবন্ত হয়ে উঠবে অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের চিরসবুজ সুরমালা। আরটিভি/এসআর
ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন
আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল
শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল