
পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো রঙের একটি মাছ। শরীর প্রায় স্থির, লেজও নড়ছে না। অথচ কখনো সামনে, কখনো পেছনে যাচ্ছে। মুহূর্তেই বদলে ফেলছে চলার দিক। দূর থেকে দেখলে মনে হবে, কোনো অদৃশ্য শক্তি যেন মাছটিকে পানির মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অদ্ভুত এই মাছটির নাম ব্ল্যাক গোস্ট নাইফফিশ, বাংলায় যাকে বলা যায় ‘কালো ভূত মাছ’।
মাছটির বৈজ্ঞানিক নাম Apteronotus albifrons। দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার নদী ও জলাভূমিতে এদের দেখা মেলে। ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের বিভিন্ন জলাশয়েও রয়েছে এদের আবাস। বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়ে এই মাছ পাওয়া যায় না। তবে শৌখিন অ্যাকুয়ারিয়ামপ্রেমীদের কাছে এটি বেশ পরিচিত।
কালো, লম্বাটে শরীর এবং লেজের কাছে সাদা দুটি দাগ সব মিলিয়ে মাছটির চেহারা বেশ রহস্যময়। শরীরের আকৃতি অনেকটা ছুরির মতো হওয়ায় নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘নাইফফিশ’। তবে এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো চলাফেরার ধরন।
সাধারণ মাছ শরীর ও লেজ বাঁকিয়ে পানিতে ঢেউ তৈরি করে সাঁতার কাটে। কিন্তু ব্ল্যাক গোস্ট নাইফফিশের শরীর প্রায় সোজা থাকে। শরীরের নিচে থাকা লম্বা ফিতার মতো পাখনা, যাকে অ্যানাল ফিন বলা হয়, ঢেউয়ের মতো ক্রমাগত নড়তে থাকে। এই পাখনার সাহায্যেই মাছটি সামনে-পেছনে, এমনকি ওপর-নিচেও চলাচল করতে পারে। একই জায়গায় প্রায় স্থির থেকেও মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে পারে।
তবে মাছটির সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা শুধু সাঁতারে সীমাবদ্ধ নয়। অন্ধকার ও ঘোলা পানিতেও আশপাশের পরিবেশ বুঝতে পারে এটি। এ জন্য ব্যবহার করে বিশেষ এক বৈদ্যুতিক ইন্দ্রিয়।
ব্ল্যাক গোস্ট নাইফফিশ নিজের শরীর থেকে দুর্বল বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। এই ক্ষমতার নাম ইলেক্ট্রোলোকেশন। আশপাশে কোনো বস্তু বা প্রাণী এলে বৈদ্যুতিক ক্ষেত্রের সামান্য পরিবর্তন ঘটে। মাছটির শরীরে থাকা বিশেষ সংবেদী কোষ সেই পরিবর্তন শনাক্ত করতে পারে। এর মাধ্যমে আশপাশে কোনো বস্তু আছে কি না, সেটি কতটা কাছে কিংবা কোথায় রয়েছে, সে সম্পর্কে ধারণা পায় মাছটি।
ফলে অন্ধকারেও বাধা এড়িয়ে চলা এবং খাবার খুঁজে বের করা তার জন্য সহজ হয়। হাঙরসহ বেশ কিছু প্রাণী বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে পারলেও ব্ল্যাক গোস্ট নাইফফিশের মতো কিছু মাছ নিজেরাই বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে পরিবেশের তথ্য সংগ্রহ করতে পারে।
সাধারণত দিনের বেলায় এরা গাছের শিকড়, পাথর কিংবা পানিতে ডুবে থাকা কাঠের আড়ালে লুকিয়ে থাকে। সন্ধ্যার পর বেশি সক্রিয় হয়ে ওঠে। এ সময় খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। ছোট জলজ পোকা, পোকামাকড়ের লার্ভা, কেঁচোসহ বিভিন্ন ক্ষুদ্র প্রাণী এদের প্রধান খাবার। সুযোগ পেলে ছোট মাছও শিকার করে।
রাতের বেলায় সক্রিয় থাকা, কালো শরীর এবং অস্বাভাবিকভাবে চলাফেরা করার কারণে মাছটিকে দেখতে অনেকটা পানির মধ্যে ভেসে বেড়ানো ছায়ার মতো মনে হয়। এ কারণেই এর নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘গোস্ট’ বা ভূত।
ব্ল্যাক গোস্ট নাইফফিশ সাধারণত লাজুক স্বভাবের। দিনের বেশির ভাগ সময় লুকিয়ে কাটায় এবং নিজের মতো থাকতে পছন্দ করে। তবে একই প্রজাতির অন্য মাছ কাছাকাছি এলে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগও হতে পারে।
প্রাকৃতিক পরিবেশে মাছটি প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অ্যাকুয়ারিয়ামে সাধারণত কিছুটা ছোট থাকে। উপযুক্ত পরিবেশ ও যত্ন পেলে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে।
দক্ষিণ আমেরিকার স্থানীয় সংস্কৃতিতে এই মাছকে ঘিরে মৃত মানুষের আত্মা নিয়ে নানা লোকবিশ্বাস প্রচলিত রয়েছে বলে জানা যায়। মাছটির রহস্যময় চেহারা ও চলাফেরার সঙ্গে এসব বিশ্বাসের যোগসূত্র থাকতে পারে। তবে বিজ্ঞান বলছে, এর অদ্ভুত আচরণের পেছনে রয়েছে স্বাভাবিক জৈবিক বৈশিষ্ট্য। কালো রং, বিশেষ পাখনার সাহায্যে সাঁতার এবং বৈদ্যুতিক ইন্দ্রিয় সবই প্রকৃতির বিবর্তনের অসাধারণ উদাহরণ।
সব মিলিয়ে ব্ল্যাক গোস্ট নাইফফিশ শুধু নামের কারণেই আকর্ষণীয় নয়, বরং এর চলাফেরা ও পরিবেশ বোঝার ক্ষমতাও বিস্ময়কর। পানির অন্ধকারে যখন কালো একটি ছায়া প্রায় শরীর না নড়িয়েই সামনে-পেছনে ভেসে বেড়ায়, তখন তাকে ‘ভূত মাছ’ মনে হওয়াটা অস্বাভাবিক নয়।
তথ্যসূত্র: ফিশকিপিং ওয়ার্ল্ড
আরটিভি/এসকে




