
পরিবারের কোনো সদস্য মারা গেলে তার রেখে যাওয়া জমি, বাড়ি কিংবা অন্যান্য সম্পত্তির বৈধ উত্তরাধিকারী কারা, তা প্রমাণে প্রয়োজন হয় ওয়ারিশ সনদ। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নামজারি, সম্পত্তি বণ্টন, পেনশন ও বিভিন্ন আর্থিক সুবিধা পেতেও গুরুত্বপূর্ণ এই সনদ।
তবে ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করতে হয়, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগে কিংবা অনলাইনে আবেদন করা যায় কি না, তা নিয়ে অনেকেরই রয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন থেকে এ সনদ সংগ্রহ করা যায়। কিছু এলাকায় অনলাইনেও আবেদনের সুযোগ রয়েছে।
ওয়ারিশ সনদ কী?
ওয়ারিশ সনদ বা ওয়ারিশান সনদ হলো কোনো মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের নাম, পরিচয় ও তাঁর সঙ্গে সম্পর্ক উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া একটি প্রত্যয়নপত্র। এতে সাধারণত মৃত ব্যক্তির পরিচয়, মৃত্যুর তথ্য এবং উত্তরাধিকারীদের নাম, বয়স, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ থাকে।
জমি নামজারি, সম্পত্তি বণ্টন, পেনশন বা ভাতা গ্রহণ এবং মৃত ব্যক্তির বিভিন্ন আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তিসহ নানা কাজে এ সনদ প্রয়োজন হতে পারে।
তবে ওয়ারিশ সনদে উত্তরাধিকারীদের পরিচয় উল্লেখ থাকলেও কে কতটুকু সম্পত্তি পাবেন, তা নির্ধারণ করা হয় না। উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তির অংশ নির্ধারিত হয়।
ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করবেন?
মৃত ব্যক্তি সাধারণত যে এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন, সেই এলাকার সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আবেদন করতে হয়।
ইউনিয়ন পরিষদ: গ্রামাঞ্চলের বাসিন্দাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে।
পৌরসভা: পৌর এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করতে হবে।
সিটি করপোরেশন: সিটি করপোরেশন এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড বা দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কার্যালয়ে আবেদন করতে হবে।
এলাকাভেদে আবেদন ও সনদ প্রদানের নিয়মে পার্থক্য থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে নিয়ম জেনে নেওয়া ভালো।
ওয়ারিশ সনদ তুলতে যেসব কাগজপত্র লাগবে
সাধারণত ওয়ারিশ সনদের জন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হতে পারে—
১. মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন সনদের ফটোকপি।
২. মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এনআইডি না থাকলে প্রযোজ্য পরিচয়সংক্রান্ত তথ্য।
৩. প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. অপ্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীদের জন্মনিবন্ধন সনদ।
৫. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
৬. মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম, বয়স, ঠিকানা ও সম্পর্কের তালিকা।
৭. প্রয়োজনে নাগরিকত্ব সনদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ বা ঠিকানার প্রমাণ।
৮. কোনো কোনো এলাকায় ওয়ার্ড সদস্য, কাউন্সিলর বা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন কিংবা সাক্ষীর তথ্য।
জমিসংক্রান্ত কাজে সনদ ব্যবহার করতে চাইলে জমির দলিল বা খতিয়ানের তথ্যও হাতের কাছে রাখা ভালো। তবে এগুলো সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে।
ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে
ওয়ারিশ সনদ পেতে সাধারণত পাঁচটি ধাপ অনুসরণ করতে হয়।
প্রথম ধাপ: আবেদন ফরম সংগ্রহ
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করুন। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে।
দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্য পূরণ
আবেদনপত্রে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ ও মৃত্যু নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি সব উত্তরাধিকারীর নাম, বয়স, জন্মতারিখ, এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর, ঠিকানা ও সম্পর্কের তথ্য দিতে হবে।
তৃতীয় ধাপ: কাগজপত্র জমা
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিন। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সেই প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
চতুর্থ ধাপ: তথ্য যাচাই
সংশ্লিষ্ট কর্মকর্তা বা জনপ্রতিনিধি আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবেন। প্রয়োজনে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হতে পারে। তথ্য সঠিক পাওয়া গেলে সনদ প্রদানের অনুমোদন দেওয়া হয়।
পঞ্চম ধাপ: সনদ সংগ্রহ
আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ফি পরিশোধ করে সনদ সংগ্রহ করুন। সনদ হাতে পাওয়ার পর মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং সব উত্তরাধিকারীর নাম ও পরিচয় ভালোভাবে যাচাই করে নিন।
অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ সরকারের প্রত্যয়ন ওয়েবসাইটের (prottoyon.gov.bd) মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করা যায়। এ প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি দুই ভাষায় সনদ পাওয়ার সুবিধা রয়েছে।
অনলাইনে আবেদন করতে প্রথমে প্রত্যয়ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. নাগরিক হিসেবে নিবন্ধন করে নিজের প্রোফাইল তৈরি করুন।
২. ঠিকানাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইল সম্পন্ন করুন।
৩. ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৪. সেবার তালিকা থেকে ওয়ারিশ সনদ নির্বাচন করুন।
৫. মৃত ব্যক্তির তথ্য এবং জীবিত উত্তরাধিকারীদের পরিচয়সংক্রান্ত তথ্য দিন।
৬. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দিন।
৭. আবেদন অনুমোদিত হলে নির্ধারিত পদ্ধতিতে সনদ সংগ্রহ করুন।
প্রত্যয়ন ওয়েবসাইটে আবেদনের ক্ষেত্রে জীবিত উত্তরাধিকারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়। তবে সব এলাকার জন্য অনলাইন সেবা চালু নেই। তাই আবেদন করার আগে ওয়েবসাইটে নিজের এলাকার সেবার আওতা যাচাই করে নিতে হবে।
ওয়ারিশ সনদ তুলতে কত টাকা লাগে, কত দিন সময় লাগে?
ওয়ারিশ সনদ সংগ্রহের ফি ও সনদ পেতে কত দিন সময় লাগবে, তা সব এলাকায় এক নয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নিজস্ব সিটিজেন চার্টার অনুযায়ী ফি ও সময় নির্ধারিত হতে পারে।
তাই আবেদনের আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে ফি ও সম্ভাব্য সময় জেনে নেওয়া উচিত। ফি জমা দিলে অবশ্যই রসিদ সংগ্রহ করবেন।
ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট কি এক?
ওয়ারিশ সনদ এবং সাকসেশন সার্টিফিকেট এক নয়। ওয়ারিশ সনদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এতে মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের পরিচয় উল্লেখ থাকে।
অন্যদিকে, সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ দেওয়ানি আদালত থেকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় দেওয়া হয়। মৃত ব্যক্তির ব্যাংক আমানত, শেয়ার বা অন্যান্য আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে।
তাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দাবি জানানোর আগে তাদের কাছে কোন ধরনের সনদ প্রয়োজন, তা জেনে নেওয়া ভালো।
সনদে উত্তরাধিকারীর নাম বাদ পড়লে কী করবেন?
ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম সঠিকভাবে উল্লেখ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো উত্তরাধিকারীর নাম বাদ পড়লে ভবিষ্যতে জমির নামজারি, সম্পত্তি বণ্টন কিংবা মালিকানা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।
এ কারণে আবেদন করার আগে পরিবারের সব বৈধ উত্তরাধিকারীর তথ্য যাচাই করতে হবে। সনদে ভুল বা কোনো উত্তরাধিকারীর নাম বাদ পড়লে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যোগাযোগ করে সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আরটিভি/এসকে




