
জমজমাট গ্রুপ পর্বের লড়াই শেষে মাঠে গড়াচ্ছে আইপিএলের প্লে-অফ পর্ব। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে জয়ী দল সরাসরি শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে এই ম্যাচের পরাজিত দল। তবে হাইভোল্টেজ এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি।
মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে কলকাতা ও হায়দরাবাদ। পরদিন একই ভেন্যুতে এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও ব্যাঙ্গালুরু। আর আগামী শুক্রবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে এই তিন ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে।
এর আগে, গুজরাট ও গুয়াহাটিতে বৃষ্টির বাঁধায় নিজেদের শেষ দুই ম্যাচে খেলা হয়নি কলকাতার। হায়দরাবাদেও বৃষ্টিতে ভেস্তে গেছে একটি ম্যাচ। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালে, শিরোপা নির্ধারণী ফাইনালে কারা জায়গা করে নেবে; ক্রীড়াপ্রেমীদের মনে সেই প্রশ্নই জেগেছে। মূলত বেরসিক বৃষ্টির বাগড়া এড়িয়েই ফল নির্ধারণ হবে এসব ম্যাচের।
মঙ্গল ও বুধবার বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলই সুবিধা পাবে। এক্ষেত্রে কলকাতা-হায়দরাবাদ ম্যাচ ভেস্তে গেলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা কলকাতাই ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে রাজস্থান-ব্যাঙ্গালুরু ম্যাচে বৃষ্টি হানা দিলে পয়েন্ট বিবেচনায় রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে।
এদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এলিমিনেটরের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। এই ম্যাচে যদি বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়, তবে পয়েন্ট তালিকায় উপরে থাকা দলই ফাইনালে জায়গা করে নেবে।




