ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
তীব্র গরম, খরা ও অতিবৃষ্টির কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।  ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। তীব্র গরমে মৃত্যু বাড়ার পাশাপাশি খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতিও ভয়াবহ আকার নিচ্ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ল্যানসেট কাউন্টডাউন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৩০টির বেশি দেশের শতাধিক প্রতিষ্ঠানের ১৪৬ জন গবেষক এতে অংশ নেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তীব্র গরমের সঙ্গে বছরে গড়ে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। গবেষকদের হিসাব, এসব মৃত্যুর ৬৮ শতাংশের জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। ২০২৩ সালে তীব্র গরমের সঙ্গে প্রায় ৭ লাখ ১০ হাজার মৃত্যুর সম্পর্ক পাওয়া যায়। এর ৭১ শতাংশের বেশি মৃত্যুর পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষকেরা জানান, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। তাদের মতে, জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ার গতি মোকাবিলার উদ্যোগের চেয়ে দ্রুততর হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমের কারণে কর্মক্ষমতা কমে যাওয়ায় ২০২৫ সালে বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য আয়হানি হয়েছে ১ লাখ কোটি ডলারের বেশি। টানা তৃতীয় বছরের মতো এই ক্ষতির পরিমাণ ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

এছাড়া ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত আগের দশকের তুলনায় চরম খরার কবলে পড়া স্থলভাগের বিস্তারের গতি প্রায় ৭০০ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে বিশ্বের অর্ধেকেরও বেশি স্থলভাগ অন্তত এক মাস চরম খরার শিকার হয়। অন্যদিকে, অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়া স্থলভাগের হার ২০০৬–২০১৫ সালের ১৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ২০১৬–২০২৫ সালে ১৭ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদনে কিছু ইতিবাচক অগ্রগতির কথাও বলা হয়েছে। ২০২৫ সালে পরিচ্ছন্ন জ্বালানিতে বিশ্বব্যাপী বিনিয়োগ ৭ শতাংশের বেশি বেড়ে রেকর্ড ২ লাখ ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এই বিনিয়োগ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের তুলনায় ৮২ শতাংশ বেশি।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হওয়ার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, আমাদের এই একমাত্র গ্রহটিকে রক্ষার জন্য এ চুক্তিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সুযোগ।

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের হার ২০১৬ সালের ৫ দশমিক ৫ শতাংশ থেকে ২০২৩ সালে ১৩ দশমিক ৫ শতাংশে উঠেছে। পরিচ্ছন্ন বায়ুর কারণে বিভিন্ন দেশে বছরে আনুমানিক ৩ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে। তবে অন্য অঞ্চলে বায়ুদূষণ বাড়ায় বিশ্বজুড়ে এই সুফলের পুরোটা পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে মোট জ্বালানি সরবরাহের ৮০ শতাংশের বেশি এখনো জীবাশ্ম জ্বালানিনির্ভর। এর ফলে সৃষ্ট বায়ুদূষণে বিশ্বজুড়ে বছরে প্রায় ২৭ লাখ মানুষের মৃত্যু হয়।

গবেষকেরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও ন্যায্যভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, স্বাস্থ্যকে জলবায়ু নীতির মূল লক্ষ্য করা, জলবায়ু ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ভাগাভাগি এবং উন্নত দেশগুলোর অনুদান ও স্বল্প সুদের ঋণ বাড়ানোর সুপারিশ করেছেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপে। এডিস মশাবাহিত ভাইরাসটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই ঝরে পড়ছে একের পর এক প্রাণ।
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসার রোগী, পেছনে ৫টি বড় কারণ
বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসাবিজ্ঞানে অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও ক্যানসার এখনো জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বায়ুদূষণসহ নানা কারণে বাড়ছে এ রোগের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ। প্রক্রিয়াজাত খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা বর্তমানে ফ্রোজেন মাংস, প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া ও প্যাকেটজাত খাদ্য গ্রহণের প্রবণতা বেড়েছে। এসব খাবারে ব্যবহৃত কিছু সংরক্ষণকারী উপাদান ও রাসায়নিক দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস গ্রহণের সঙ্গে কোলোরেক্টাল বা অন্ত্রের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। তাই নিয়মিত এ ধরনের খাবার গ্রহণ এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের কারণে ক্যানসারের ঝুঁকি বায়ুদূষণও ক্যানসারের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। বাতাসে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) এবং যানবাহনের ধোঁয়ায় থাকা ক্ষতিকর উপাদান শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘদিন এসব দূষিত উপাদানের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বায়ুদূষণকে ক্যানসারের গুরুত্বপূর্ণ পরিবেশগত ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। রান্নাঘরে প্লাস্টিক ও রাসায়নিকের ব্যবহার রান্নার কাজে ব্যবহৃত কিছু নন-স্টিক পাত্র, প্লাস্টিকের টিফিন বক্স ও পানির বোতল নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষ করে অনুপযুক্ত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা বা খাবার গরম করলে ক্ষতিকর রাসায়নিক খাবারে মিশতে পারে। কিছু রাসায়নিকের দীর্ঘমেয়াদি সংস্পর্শ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই খাবার সংরক্ষণ ও গরম করার ক্ষেত্রে কাচ, স্টিল কিংবা নিরাপদ উপাদানের পাত্র ব্যবহার করা ভালো। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ভাইরাসজনিত সর্দি-কাশি বা জ্বরে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার বাড়ে। কিছু সংক্রমণ, যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি, পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে অ্যান্টিবায়োটিক সেবন সরাসরি ক্যানসারের কারণ—এমন প্রমাণ নেই। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ জরুরি। স্থূলতা ও বিপাকীয় ভারসাম্যহীনতা অতিরিক্ত ওজন, স্থূলতা এবং বিপাকীয় সমস্যা ক্যানসারের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ। শরীরে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন ও ইস্ট্রোজেনের মতো হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এর ফলে স্তন, জরায়ু, কোলন ও অগ্ন্যাশয়সহ বিভিন্ন অঙ্গের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণে রাখা এ ঝুঁকি কমাতে সহায়ক। সচেতনতাই পারে ক্যানসারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের সব কারণ প্রতিরোধ করা সম্ভব নয়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, বায়ুদূষণ থেকে যথাসম্ভব সুরক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ক্যানসারের প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সূত্র: আনন্দবাজার আরটিভি/এসকে
বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসার রোগী, পেছনে ৫টি বড় কারণ
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন।
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
একই সময়ে নতুন আরও এক হাজার ৫৭২ জনের শরীরে মিলেছে হাম ও হামের উপসর্গ। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
আরও পড়ুন
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা: প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ