
চট্টগ্রামে গত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নারী–শিশুসহ তিনজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ডেঙ্গুর ভয়াবহতা কোনোভাবেই কমছে না বরঞ্চ বেড়েই চলছে। একের পর এক আক্রান্ত হচ্ছেন একই সঙ্গে মৃত্যুও বেড়ে চলছে। বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা দাবি করেছে বাস্তবে সেটি কোথাও দেখা যাচ্ছে না।
জানা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া সীতাকুণ্ডের বাসিন্দা শিশুটির বয়স ২ বছর ৫ মাস এবং দুই নারীর বয়স যথাক্রমে ৪২ ও ৫১ বছর। এরা সীতাকুণ্ডের ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা। অন্যদিকে গতকাল নতুন করে আরো ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এছাড়া হামে আক্রান্ত হয়েছে ৮১ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। অন্যদিকে চলতি বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৪১৮ জন। হামের উপসর্গে মারা গেছে ৫০ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৩ জন।
আরটিভি/এমএইচজে




