
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে পূর্বঘোষিত এক দফা দাবির অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকরা। এত দিন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও এখন তারা চুয়েটের যেকোনো জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১টার দিকে সমিতির পক্ষ থেকে নতুন এ অবস্থানের কথা জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ বলেন, চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৯৫ জন অধ্যাপক রয়েছেন, যাঁদের প্রত্যেকেই এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের যোগ্য। তাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে সরকার যেন আমাদের এই চরম সংকটাবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে জরুরি মতবিনিময় সভা করেন চুয়েটের শিক্ষার্থীরা। সভা শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ এবং ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’—এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার প্রায় ৬৬ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এখনো স্থবির হয়ে আছে।
আরটিভি/টিআর



