
বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি সাতজনে একজন এবং দক্ষিণ এশিয়ায় অন্তত ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত, যা এ অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য সংকট ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় প্রয়োজনের তুলনায় মানসিক স্বাস্থ্যসেবার অবকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অনেক কম। ফলে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ পরিস্থিতিতে মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা বা মেন্টাল হেলথ ফার্স্ট এইড। এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগেই আক্রান্ত ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রাথমিক সহায়তা দেওয়া সম্ভব।
ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান জানান, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কার্যকরভাবে কথা শোনা ও প্রাথমিক সহায়তা দেওয়ার জন্য সাধারণ মানুষেরও মৌলিক প্রশিক্ষণ প্রয়োজন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীন বলেন, মানসিক সমস্যা গভীর হওয়ার আগেই তা শনাক্ত করে আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ানো গেলে আত্মহত্যাসহ বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে শুরুতেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের সহানুভূতি এবং প্রাথমিক সহায়তা একজন হতাশাগ্রস্ত মানুষের সুস্থ হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরটিভি/এমএইচজে

