ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গবাদিপশুর শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে শনাক্ত, রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
কাল্পনিক ছবি

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে গবাদিপশুতে ছড়ানো শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ওই ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা গেছেন। তবে তার মৃত্যুর সঙ্গে ভাইরাসটির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

ফ্রান্সের লিঁও শহরে চিকিৎসাধীন ওই ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল ছিল। গুরুতর অসুস্থতার কারণে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তদন্তকারীরা এখন পরীক্ষা করে দেখছেন, শামোন্ডা ভাইরাসের সংক্রমণ তার মৃত্যুর কারণ ছিল কি না, অথবা মৃত্যুর পেছনে ভাইরাসটির কোনো ভূমিকা ছিল কি না।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের জন্য ভাইরাসটি নিয়ে কোনো জনস্বাস্থ্যঝুঁকি শনাক্ত হয়নি। এত দিন শামোন্ডা ভাইরাসকে এমন একটি ভাইরাস হিসেবে বিবেচনা করা হতো, যা মানুষকে সংক্রমিত করতে পারে না।

স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, পূর্ব ফ্রান্সে রক্তচোষা মাছির মতো ক্ষুদ্র পতঙ্গের কামড়ে ওই ব্যক্তি সংক্রমিত হয়ে থাকতে পারেন। বসন্ত ও গ্রীষ্মকালে ওই অঞ্চলের প্রাণীদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি অত্যন্ত ব্যতিক্রমী। বিশেষ করে, রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল একজন ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শামোন্ডা ভাইরাস সাধারণত ডাঁশ বা কামড়ানো মাছিজাতীয় ক্ষুদ্র পতঙ্গের মাধ্যমে প্রাণীদের মধ্যে ছড়ায়। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ায় প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে পশ্চিম, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ এবং জাপানে গবাদিপশুর মধ্যে এর সংক্রমণ দেখা গেছে। চলতি বছরের গ্রীষ্মে ইউরোপের গবাদিপশুর খামারেও প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়।

এদিকে, ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলকে (ইসিডিসি) অবহিত করেছে।

তবে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনা থেকে ভাইরাসটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো পাওয়া যায়নি। জনস্বাস্থ্যঝুঁকি নির্ধারণে এ বিষয়ে আরও তদন্ত ও পর্যবেক্ষণ প্রয়োজন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
কানাডার টরন্টোতে অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হওয়ার অভিযোগে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন এক কৌতুকশিল্পী দম্পতি। তবে বাড়িওয়ালার এমন অভিযোগ অস্বীকার করে উল্টো আইনি লড়াইয়ে নেমেছেন তারা। এস ই গ্রামাট ও স্যাম ক্রুগার নামের ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে কৌতুক পরিবেশন করেন। গত ২৯ অক্টোবর টরন্টোর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের গণশুনানিতে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান তারা। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপানের অভিযোগ তুলেছেন। তার দাবি, বাড়িতে স্থাপন করা এয়ার কোয়ালিটি মনিটরে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। তবে ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভাড়াটিয়ারা। তাদের দাবি, বাতাসের মান খারাপ দেখানোর পেছনে ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া ও বায়ুত্যাগের প্রভাব থাকতে পারে। তাদের ভাষ্য, এয়ার মনিটরের কিছু সেন্সর মানুষের শরীর থেকে নির্গত গ্যাসের সংস্পর্শেও রাসায়নিক দূষণের সংকেত দিতে পারে। দম্পতি জানান, বাড়িটির নিচতলা ও আংশিক বেসমেন্টে তারা বসবাস করেন। ওপরের তলায় থাকেন বাড়িওয়ালা। বাড়িটিতে যৌথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় দুই তলার বাতাস একই ব্যবস্থার মাধ্যমে চলাচল করে। ২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা তাদের জানান, তিনি দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং বাড়ির বাতাসের মান নিয়ে উদ্বিগ্ন। এরপর ঘরের সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন। পরবর্তী সময়ে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তারা জানতে পারেন, কিছু আধুনিক এয়ার মনিটরের সেন্সর মানুষের বিপাকীয় প্রক্রিয়া থেকে নির্গত গ্যাসের কারণেও দূষণের মাত্রা বেশি দেখাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় এমন সংকেত বাড়তে পারে বলে তাদের দাবি। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা একজন বায়ুদূষণ বিশেষজ্ঞ দিয়ে যথাযথ পরীক্ষা করাতে রাজি হননি। বরং ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে তাদের উচ্ছেদ করতে চাইছেন। ভাড়াটিয়া হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। আইনি লড়াইয়ের খরচ জোগাতে ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ করছেন এই দম্পতি। সেখানে তারা লিখেছেন, অতিরিক্ত বায়ুত্যাগের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা তাদের কাছে কোনোভাবেই কৌতুকের বিষয় নয়। ইতিমধ্যে আইনি খরচের জন্য ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার সংগ্রহ করেছেন তারা। প্রায় পাঁচ বছর বিভিন্ন স্থানে কৌতুক পরিবেশন করে যাযাবরের মতো জীবন কাটানোর পর মাত্র ১০ মাস আগে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা। মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ কৌতুকশিল্পী দম্পতি। আরটিভি/এসকে
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর নারীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন এই পলাতক আসামি। সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের অভিযানে তার পরিচয় শনাক্ত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন বাশার। ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাঁকে কারাদণ্ড দেন। সাজা এড়াতে ২০১৮ সাল থেকে আত্মগোপনে চলে যান তিনি। এরপর দীর্ঘদিন তাঁকে খুঁজছিল পুলিশ। পুলিশের নজরদারিতে একপর্যায়ে তার ছদ্মপরিচয়ের বিষয়টি সামনে আসে। চেহারায় ব্যাপক পরিবর্তন আনার কারণে পুরোনো ছবির সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, বোনের পরিচয়ে বসবাসকারী ওই ব্যক্তি আসলে পলাতক বাশার। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয় গোপনের বিষয়টি ধরা পড়ার পর তাকে পুরুষদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আরটিভি/এসআর
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার!
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
ইউরোপের বিভিন্ন দেশে বোমা হামলার ভুয়া হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে। 
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আরও পড়ুন
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর