
অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জবাবে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও পাল্টা রকেট হামলা চালাচ্ছে।
বিরাজমান এ সংঘাতময় পরিবেশ দু-একদিনের মধ্যেই শান্ত হবে বলে আশা করেছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। হামাসের জ্যেষ্ঠ ওই কর্মকর্তার প্রত্যাশা, দুই পক্ষ ‘দুই-একদিনের ভেতরই’ যুদ্ধবিরতিতে পৌঁছাবে।
লেবাননের আল-মায়াদিন টিভিকে হামাসের রাজনৈতিক কর্মকর্তা মুসা আবু মারজুক বলেন, আমরা ধারণা করছি যুদ্ধবিরতি নিয়ে এখন যে চেষ্টা চলছে, তা সফলতা অর্জন করবে। আমার ধারণা, এক-দুইদিনের ভেতরেই আমরা যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ যুদ্ধবিরতি হবে।
যদিও সংঘাত বন্ধে গত কয়েকদিন ধরেই ইসরায়েল ও হামাসের ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছিল। বুধবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছেন বলে হোয়াইট হাউসের বিবৃতিতে ইঙ্গিত মিলেছে।
মিশরের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, মধ্যস্থতাকারীদের সহায়তায় ইসরায়েল ও হামাস দুই পক্ষই যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়েছে; তবে তাদের মধ্যে এখনও আলোচনা চলছে।
উভয় পক্ষ শুক্রবারের মধ্যেই সমঝোতায় পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার তার দেশের নাগরিকদের নিরাপত্তা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত হামাসের ওপর হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারও গাজার উত্তরে হামাসের স্থাপনাগুলোতে ইসরায়েল শতাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলার পাল্টায় হামাসও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট ছুড়েছে।
প্রসঙ্গত, দখলকৃত পূর্ব জেরুজালেমের একটি এলাকা ও আল-আকসা মসজিদে প্রথমে হামলা চালায় ইসরায়েল। তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধির এক পর্যায়ে হামাস ইসরায়েলের স্থাপনা টার্গেট করে রকেট ছোড়ে। সে সুযোগে ইসরায়েলও গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে।
খুনী ইসরায়েলের টানা বিমান হামলায় ১১ দিনে ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬৪ শিশু ও ৩৮ জন নারী রয়েছে। সূত্র : ব্লুমবার্গ ও আলজাজিরা
টিএস
https://www.facebook.com/rtvnews24




