
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সৌদি সরকারের নতুন করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেশটির নাগরিকরা নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন।
যদিও কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে, রিয়াদের বুলেভার্ডে তিন রাতের সংগীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর শুরু হওয়া এ অনুষ্ঠানে মোহাম্মদ আবদুতে ১৩ জন প্রসিদ্ধ আরব শিল্পী সংগীত পরিবেশন করবেন।
রিয়াদের ব্যস্ত এলাকা বুলভার্ডে নববর্ষ উপলক্ষে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শহরের অন্যান্য এলাকায়ও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন রেস্তোরাঁয় পরিবার ও বন্ধু নিয়ে ২০২২ সালের প্রথম প্রহর উদযাপন করা যাবে। তবে নতুন করে সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করায় এক টেবিলে পাঁচজনের বেশি মানুষ বসে খেতে পারবেন না।
রিয়াদের বাসিন্দা ৩০ বছর বয়সী তরুণী আকিল বলেন, তিনি এবং তার বন্ধুরা নববর্ষ উদযাপনের একটি বিশেষ পদ্ধতি আছে। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা একটি গাড়িতে ঘুরতে বের হই। তারপর কিছু খাবার ও পানীয় কিনি এবং রিয়াদের একটি জায়গায় গিয়ে বসি এবং রাতটি উপভোগ করি।’ ‘এ বছরও আমরা একই ধরনের কিছুই করব। রিয়াদের বুলভার্ডের আশেপাশের একটি চমৎকার জায়গায় গিয়ে বসব এবং জনসমাগম থেকে একটু দূরে থেকে আতশবাজি উপভোগ করব’, যোগ করেন আকিল।
এদিকে, জেদ্দায় বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি সরাসরি সংগীতানুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মরুভূমিতে ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ট্র্যাভেল এজেন্সিগুলো।
এনএইচ/টিআই




