
জলবায়ু পরিবর্তন বোঝাতে স্যুট-টাই পরে রীতিমতো হাঁটুপানিতে নেমেছেন টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তার দেশের ঝুঁকি বোঝাতেই মূলত তিনি এই অভিনব পন্থা বেছে নিয়েছেন।
সাইমন কোফে গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নিতে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানেই তাকে হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে।
সাইমনের ভিডিওবার্তাটি জলবায়ু সম্মেলনে প্রচার করা হবে মঙ্গলবার। তবে তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সমুদ্রে বক্তব্য দেওয়ার কিছু ছবি।
ছবিগুলোতে দেখা গেছে, সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আছেন সাইমন কোফে। ডায়াসের সামনে স্যুট-টাই পরে হাঁটুপানিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। পানির কারণে হাঁটুর ওপর পর্যন্ত গুটিয়ে রেখেছেন প্যান্ট। সাইমনের ঠিক পেছনেই জাতিসংঘ ও টুভালুর পতাকা।
জলবায়ু সম্মেলনে দেওয়া সেই ভিডিও বার্তার ব্যাপারে সাইমন কোফে বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে টুভালু বাস্তবে যে পরিস্থিতির মধ্যে আছে, তা কপ-২৬ সম্মেলনস্থলে উপস্থাপনের লক্ষ্যে ভিডিও বার্তাটি এভাবে দেওয়া হয়েছে।
দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, সরকারি সম্প্রচারমাধ্যম টিভিবিসি ফুনাফুতির প্রধান দ্বীপ ফোনগাফালের শেষ প্রান্তে ভিডিওটি ধারণ করেছে। পরিবেশবিদেরা যখন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কমিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের চাপ দিয়ে যাচ্ছেন, তখনই এই ভিডিও বার্তা দিলেন কোফে।
এবারের জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বের অন্যতম দূষণকারী দেশগুলো। অনেক দেশই ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট জিরোতে নামিয়ে আনার ব্যাপারে আশাবাদী। তবে এসব আশ্বাসে ভরসা নেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলো। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের নেতাদের দাবি, হুমকিতে থাকা নিম্নাঞ্চলের দেশগুলোকে বাঁচাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
ডব্লিউএস/এমএন




