
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে রোববার (২০ নভেম্বর) থেকে। এবারের কাতার ফুটবল বিশ্বকাপকে ধরা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল আসর। উদ্বোধনীর ঝলকানি থেকে শুরু করে প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে দর্শনীয় সব স্টেডিয়ামে। পৃথিবীর মানুষ যখন সরাসরি কিংবা ঘরে বসে খেলার দেখার সেই সুযোগ নিচ্ছে তখন কাতার চ্যারিটি ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে ভিন্নধর্মী এক আয়োজন করেছে। এ দুটি সংস্থা বিশ্বের ৭টি দেশের শরনার্থীদের ফ্যান জোনের মাধ্যমে বিশ্বকাপের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে।
'ফিফা কাতার ২০২২ সবার জন্য: উদ্বাস্তু এবং বাস্তুচ্যুত মানুষের আনন্দ ভাগ করে নেওয়া' শিরোনামে উদ্যোগের অংশ হিসেবে শরনার্থীদের খেলা দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি এবং বেইন স্পোর্টস-এর সহযোগিতায় উদ্যোগটি জর্ডান, সিরিয়া, ইরাক, সুদান, কেনিয়া, বাংলাদেশ এবং সোমালিয়ায় চালু করা হয়েছে।
শরনার্থী শিবিরগুলিতে কাতার চ্যারিটি ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষ স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করবে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো, শরনার্থীদের দুঃখকষ্ট দূর করতে খেলাধুলার ভূমিকা বাড়ানো, শান্তি ও সামাজিক সংহতির সংস্কৃতির প্রচার করা, বাস্তুচ্যুত মানুষ এবং উদ্বাস্তুদের মানসিকভাবে সমর্থন করা এবং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের সাথে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা।
শুক্রবার (১৮ নভেম্বর) আয়োজক দেশের বিশ্বকাপ মিডিয়া সেন্টারে শরনার্থীদের বিশ্বকাপ দেখার আয়োজন নিয়ে একটি সংবাদ সম্মেলনে দেশটির প্রধান সহকারী পররাষ্ট্র মন্ত্রী লোলওয়াহ বিনতে রশিদ আল খাতার বলেন, কাতার বিশ্বাস করে খেলাধুলার মধ্য দিয়ে বিশ্বের জাতিসমূহের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করা সম্ভব। এছাড়া সবারই অধিকার আছে খেলা দেখার। এজন্যই শরনার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থায় খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে।
এ ব্যাপারে কাতার চ্যারিটির চিফ গ্লোবাল প্রোগ্রাম অফিসার নাওয়াফ আল-হাম্মাদি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় শরনার্থীদের জন্য খেলা দেখার বিশেষ তাবুগুলো স্থাপন করা হয়েছে। এই তাবুগুলোর নাম দিয়েছি ফ্যান জোন। আমাদের উদ্দেশ্য উদ্বাস্তুদের দুর্ভোগ লাঘব করা এবং সামাজিক সংহতি বাড়ানোর সাথে সাথে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতি একীকরণ, সুরক্ষা এবং মনস্তাত্ত্বিক সমর্থন প্রচার করা।
সূত্র: গালফ টাইমস




