
আহমেদ আতেফ দারাঘমেহ (২৩) নামে এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে অধিকৃত পশ্চিম তীরে অভিযানকালে তাকে গুলি করে হত্যা করা হয়।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরাইলি বাহিনী। এ সময় ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাঘমেহ গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত দারাঘমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। তিনি আহমাদ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন। এই মৌসুমে নিজ দলের হয়ে ৬ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।




