
কোভিড মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে শ্লথ গতির মধ্যে ‘সুনির্দিষ্ট ও কঠোর পদ্ধতিতে’ বিচক্ষণ মুদ্রানীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার মুদ্রানীতিতে কঠোর হওয়ার কথা জানিয়েছে পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)।
এ নিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, পিবিওসি তার মুদ্রানীতি কমিটির দ্বিতীয় ত্রৈমাসিকের বৈঠকের পর বলেছে, এই নীতি গ্রহণ চীনা মুদ্রা ইউয়ানকে মূলত স্থিতিশীল রাখতে ও বৃহৎ বিনিময় হারের ওঠানামার ঝুঁকি থেকে রক্ষা করবে।
কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে, আর্থিক ব্যবস্থায় এখনকার বাহ্যিক পরিবেশ আরও জটিল হয়ে উঠছে। বাণিজ্য ও বিনিয়োগ মন্থর গতিতে হচ্ছে। অন্যদিকে মুদ্রাস্ফীতিও উচ্চ রয়ে গেছে। উন্নত দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের নীতির কঠোর প্রভাব অব্যাহত ছিল এবং আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিরতা তীব্র হয়েছে।
বিবৃতিতে ব্যাংকটি বলে, দেশিয় অর্থনীতির সামগ্রিক কার্যক্রম আগের অবস্থায় ফিরেছে এবং উন্নত হয়েছে। বাজারের চাহিদাও স্থিরভাবে ফিরেছে। উত্পাদনও বাড়তে চলেছে। যাহোক, দেশিয় চালিকা শক্তি এখনও পোক্ত নয়, আর চাহিদা এখনও অপর্যাপ্ত।
পিবিওসি জানায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে…ম্যাক্রো-পলিসির সামঞ্জস্য বাড়াবে এবং সুনির্দিষ্ট ও কঠোর পদ্ধতিতে বিচক্ষণ মুদ্রানীতি বাস্তবায়ন করবে।




