
ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান। উমর আইয়ুব খান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং আলী আমিন গন্ডাপুর ও ড. ইয়াসমিন রশিদ যথাক্রমে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক সভাপতি নির্বাচিত হয়েছেন।
বর্তমানে বেশ কয়েকটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বন্দি রয়েছেন।
পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি ফলাফল ঘোষণা করে বলেন, শনিবার অনুষ্ঠিত আন্তদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পিটিআই নেতা সিনেটর আলি জাফর বলেছেন, চেয়ারম্যান হিসেবে না থাকলেও দলের প্রধান নেতা হিসেবেই থাকবেন ইমরান খান। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে এমন একজনকে চাইছিলেন ইমরান খান, দলে যার স্থায়ী পদ নেই।
এর আগে ৩০ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি তার আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছিলেন।
পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় গ্রেপ্তার হওয়া ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না।




