ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের ভবিষ্যৎ বদলাতে চায় চরম দক্ষিণপন্থি শিবির

ডয়চে ভেলে

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

রোববার ইটালিতে মিলিত হয়ে ইউরোপের চরম দক্ষিণপন্থি নেতারা অভিবাসন, পরিবেশসহ একাধিক বিষয়ে ঐক্যের ডাক দিলেন৷ আসন্ন ইইউ পার্লামেন্ট নির্বাচনে তৃতীয় স্থান দখল করে এমন পরিবর্তন আনতে চান তারা৷

মহামারি, যুদ্ধ, মূল্যস্ফীতি, শরণার্থীর ঢলের মতো একের পর এক সংকট ইউরোপের মানুষের মনে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে৷ ব্যালট বাক্সে সেই পরিস্থিতির ফায়দা তুলছে চরম দক্ষিণপন্থি দলগুলি৷ একের পর এক দেশে নির্বাচনে সাফল্য এবং জনমত সমীক্ষায় ভালো ফল করে এই দলগুলি সঙ্ঘবদ্ধ হয়ে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছে৷ সম্প্রতি নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে জয় এবং জার্মানিতে জনসমর্থনের বিচারে দ্বিতীয় স্থানে উঠে আসায় এই শিবির আরো চাঙ্গা বোধ করছে৷ রোববার ইটালির ফ্লোরেন্স শহরে মিলিত হয়ে চরম দক্ষিণপন্থি নেতারা ইউরোপের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরলেন৷ আগামী বছর ইইউ পার্লামেন্ট নির্বাচনে নিজেদের আসনসংখ্যা আরো বাড়িয়ে রণকৌশল স্থির করলেন তারা৷

ইটালির উপ-প্রধানমন্ত্রী মাটেও সালভিনি বলেন, ইইউ পার্লামেন্টে কমপক্ষে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শিবির হয়ে ওঠাই চরম দক্ষিণপন্থি দলগুলির লক্ষ্য৷ বর্তমানে ‘আইডেন্টিটি অ্যান্ড ডেমোক্র্যাসি’ বা আইডি নামের এই রাজনৈতিক শিবির ষষ্ঠ স্থানে রয়েছে৷ নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ী চরম দক্ষিণপন্থি দলের প্রধান খেয়ার্ট ভিল্ডার্স ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখেন৷ তার মতে, নেদারল্যান্ডস ও ইউরোপে ‘রাজনৈতিক ভূমিকম্প’ জাতীয় নির্বাচনেও সমমনস্ক দলগুলির জয়ের ঢেউ সৃষ্টি করতে পারে৷

ইউরোপে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ আরো কঠিন করে তোলাই চরম দক্ষিণপন্থি দলগুলির প্রধান লক্ষ্য৷ ফ্রান্সের ন্যাশানাল ব়্যালি পার্টির নেতা জর্দ্যাঁ বারেলা বলেন, ইউরোপ আফ্রিকার ‘ফাইভ স্টার হোটেল’ হয়ে উঠতে পারে না৷ তার মতে, বিশাল আকারে অভিবাসন হিংসা ও অপরাধের জন্য দায়ী৷ সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রাও অনেকটা দুর্বল করতে চায় এই শিবির৷ তারা ২০৩৫ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিচালিত নতুন গাড়ি বাজারে নিষিদ্ধ করার বিরোধী৷ জার্মানির এএফডি দলের নেতা টিনো ক্রুপালা ‘গাড়ির বিরুদ্ধে যুদ্ধ’ বন্ধ করার ডাক দেন৷

সাম্প্রতিক নির্বাচনি সাফল্য সত্ত্বেও ইউরোপের চরম দক্ষিণপন্থি দলের মধ্যে এখনো ঐক্যের অভাব রয়েছে৷ সম্মেলনে ইউরোপের তিন প্রধান নেতার অনুপস্থিতিও নজর কেড়েছে৷ ফ্রান্সের মারিন ল্য পেন, নেদারল্যান্ডসের খেয়ার্ট ভিল্ডার্স ও জার্মানির আলিস ভাইডেলকে সেখানে দেখা যায়নি৷ খোদ ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ব্রাদার্স অফ ইটালি দল সালভিনির চরম দক্ষিণপন্থি জোটে যোগ দেয় নি৷ বিভিন্ন মৌলিক বিষয়েও মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে৷ যেমন নেদারল্যান্ডসের নেতা ভিল্ডার্স মাত্রাতিরিক্ত সরকারি ব্যয়ের বিরোধিতা করলেও ইটালির সালভিনি ইউরো এলাকার বাজেটের ক্ষেত্রে কড়া নিয়ম তুলে দেবার পক্ষে৷ রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস সংকটের মতো পররাষ্ট্র নীতির বিষয় সম্পর্কেও দলগুলির একক অবস্থান দেখা যাচ্ছে না৷

ইউরোপীয় পার্লামেন্টেও চরম দক্ষিণপন্থিদের বিভাজন স্পষ্ট৷ সালভিনির প্রতিদ্বন্দ্বী মেলোনির দল আইডি সংসদীয় শিবিরের অংশ নয়৷ দক্ষিণপন্থি রক্ষণশীল ও সংস্কারপন্থী বা ইকেআর শিবিরে মেলোনির দল ছাড়াও স্পেনের চরম দক্ষিণপন্থি ভক্স এবং পোল্যান্ডের পিস পার্টিও রয়েছে৷ ফলে আগামী পার্লামেন্ট নির্বাচনে চরম দক্ষিণপন্থি দলগুলি সার্বিক সাফল্য পেলেও দুই রাজনৈতিক শিবিরে বিভাজন তাদের ঐক্যের পথে বাধা হয়ে উঠতে পারে৷ তবে বিভিন্ন ইস্যুতে দুই শিবিরের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে৷

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৪ সালকে স্বাগত জানাল অকল্যান্ড
আতশবাজির মধ্য দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। বিশ্বের কোনো বড় শহর হিসেবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় অকল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়। আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড একটি। বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে সবার আগে সুযোগ আসে অকল্যান্ডের। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে। দেশটি নিউজিল্যান্ডের কাছাকাছি অবস্থিত এবং এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের আগমন হয়। নতুন বছরকে স্বাগত জানাতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। আর রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। নতুন বছরকে বিশ্বের সবার আগে বরণ করেছে কিরিবাতি। ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। গ্রিনিচ মান সময় ১০টায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৪ সালকে স্বাগত জানায় কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৩ ঘণ্টা এগিয়ে রয়েছে দেশটির সময়। কিরিবাতির বৃহত্তম দ্বীপ কিরিতিমাতিতে প্রথম নতুন বছর শুরু হয়েছে বলে জানিয়েছে ক্যানবেরা টাইমস। সেখানে প্রায় ৫০০ মানুষের বসবাস। নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে সেখানে বড় কোনো আয়োজন ছিল না।
২০২৪ সালকে স্বাগত জানাল অকল্যান্ড
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কারখানার শ্রমিকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহন মুংসে বলেন, রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে আমাদের কর্মীরা কারখানায় প্রবেশ করে ৬টি মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
দুটি আসন থেকেই ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসন্ন নির্বাচনে দুটি আসন পাঞ্জাবের রাজধানী লাহোর এবং নিজ শহর মিয়ানওয়ালি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন ইমরান খান।  শনিবার (৩০ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পাকিস্তানে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লড়ার জন্য লাহোরের এনএ-১১২ এবং মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনী আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। এনএ-১২২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিযুক্ত রিটার্নিং কর্মকর্তা বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তোশাখানা মামলায় পিটিআই প্রধান দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছর নির্বাচনে অযোগ্য বিবেচিত হওয়ার রায়ের কথা উল্লেখ করে ইমরানের মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা মিয়া নাসির। একই কারণে মিয়ানওয়ালির এনএ-৮৯ আসনেও ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচনী কর্তৃপক্ষ। এই আসনটি ইমরান খানের ঘাঁটি হিসেবে পরিচিত। মিয়ানওয়ালি থেকে লড়েই আগের নির্বাচনগুলোতে জিতেছিলেন পিটিআই প্রধান। এদিন শুধু ইমরান খানেরই নয়, শাহ মাহমুদ কোরেশির মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। আসন্ন নির্বাচনে মুলতানের এনএ-১৫০, পিপি-২১৮ এবং থারপারকারের এনএ-২১৪ আসন থেকে লড়তে চেয়েছিলেন পিটিআই ভাইস চেয়ারম্যান। কিন্তু তিনটি আসনেই মনোয়নপত্র বাতিল হয়েছে তার।  
দুটি আসন থেকেই ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
প্রায় পাঁচ দশকের বিরোধের ইতি টেনে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে শান্তি চুক্তিতে সই করেছে দেশটির আসাম রাজ্য ও  কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিল্লিতে আসামের এই সশস্ত্র গোষ্ঠীর সংলাপপন্থী অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বাধীন অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। তবে এই শান্তিচুক্তির বিরোধিতা করেছে উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশ।  টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে আসাম রাজ্যের সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী, আসামের উন্নতিতে অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও উলফা নেতৃত্বকে স্থানীয় বাসিন্দাদের জমির অধিকার দেওয়া এবং আসামের উন্নতির জন্য কেন্দ্রীয় অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  শান্তিচুক্তির পর অমিত শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে উলফার সব যৌক্তিক দাবি মেনে নেবে সরকার। উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ওপরেও আস্থা রাখার জন্য উলফা নেতৃত্বকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  অমিত শাহের পাশে বসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, উলফার সঙ্গে শান্তিচুক্তি আসামের বড় অংশে শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। আগেই আলোচনাপন্থী উলফার নেতৃত্বে একপ্রস্ত কথা এগিয়ে রেখেছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার শান্তিচুক্তি সম্পাদিত হলো।  আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকের দিনটি আসামের জন্য একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী মোদীর আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় আসামের শান্তির জন্য কাজ সবসময়ই চলছিল। তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মাধ্যমে আসামে উপজাতীয় জঙ্গিবাদের অবসান হয়েছে।’  ১৯৭৯ সালে ‘স্বাধীন আসাম রাষ্ট্র’ গঠনের দাবিতে প্রতিষ্ঠিত হয় উলফা। সংগঠনটির সশস্ত্র আন্দোলনে এক সময় উত্তাল হয়েছিল আসাম। পরে অবশ্য ক্রমশ গুরুত্ব হারাতে থাকে সংগঠনটি। নানা সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকায় ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরে পুলিশি অভিযানে উলফার বহু সদস্য আত্মসমর্পণ করেন।  সম্প্রতি আলোচনাপন্থী উলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া জানিয়েছিলেন, শিগগিরই উলফার সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের। ভেঙে দেওয়া হবে উলফাও।  তবে উলফার পক্ষ থেকে ১৯৭১ সালের বদলে আসামে বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ ১৯৫১ সাল করার শর্ত রাখা হয়েছিল। শুক্রবার কোন শর্তে শান্তিচুক্তি হলো, তা এখনো পুরো স্পষ্ট নয়।  সশস্ত্র সংগ্রাম স্থগিত করার লক্ষ্যে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর রাজখোয়া অংশের ৫৫৩ জন নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্র এবং আসাম সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সূচনা হয়। উলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া অবশ্য আলোচনার অংশ নিতে অস্বীকার করেন এবং ২০১২ সালে রাজখোয়ার নেতৃত্বাধীন দল থেকে বেরিয়ে যান।  চুক্তিতে অংশ না নেওয়া পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার কট্টরপন্থী অংশ চীন-মিয়ানমার সীমান্তে অবস্থান করছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি
২০২৪ সালের ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জনে। ২০২৩ সালে বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরো শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  সেনসাস ব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন, এবং বছরজুড়ে বিশ্বে প্রতি সেকেন্ডে জন্ম নিয়েছে ৪ দশমিক ৩ জন শিশু এবং মারা গেছে ২ জন। বিশ্বজুড়ে ২০২৩ সালে জনসংখ্যা বাড়লেও পূর্ববর্তী বছর ২০২২ সালের তুলনায় এই বৃদ্ধির হার ১ শতাংশ কম বলে জানিয়েছে ইউএস সেনসাস ব্যুরো। প্রসঙ্গত, ২০১১ সালে ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করেছিল বৈশ্বিক জনসংখ্যা। তার ১১ বছর পর ২০২২ সালের নভেম্বরে ৮০০ কোটিতে পৌঁছেছিল জনসংখ্যা। মার্কিন সাময়িকী ফোর্বস সে সময় এ সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করেছিল। মার্কিন পরিসংখ্যান দপ্তর বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১১ বছর সময় লাগলেও ৮০০ কোটি থেকে ৯০০ কোটিতে পৌঁছাতে ১৪ বছর সময় লাগবে। উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর নিম্নজন্মহার এবং তরুণ ও সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকাই এর সবচেয়ে বড় কারণ।       করোনা মহামারি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিতে বেশ প্রভাব ফেলেছে বলে মনে করেন মার্কিন সমাজবিজ্ঞানীরা।  সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি
আরও পড়ুন
আধুনিক ইউরোপের স্থপতি জ্যাক ডেলরস আর নেই
নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের যা বলল বিএনপি
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক 
‌‘বিরোধীদল কারা হবে, জানতে চেয়েছে ইইউ’