
দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন্স ও চীনের নৌকার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে শনি ও রোববার৷ এর প্রতিবাদে সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে ফিলিপাইন্স৷ আর বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷
ফিলিপাইন্স কোস্টগার্ডের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্কারবোরো শোল ও সেকেন্ড থমাস শোলে থাকা জেলেদের জন্য সরবরাহ নিয়ে যাওয়া ফিলিপাইন্সের নৌকার দিকে চীনা জাহাজ থেকে পানি ছোড়া হচ্ছে৷ এছাড়া সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইন্স ও চীনের নৌকার মধ্যে সংঘর্ষও হয়েছে৷ ২০১২ সালে ফিলিপাইন্সের কাছ থেকে স্কারবোরো শোলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চীন৷
আর চীনের আগমন ঠেকাতে ১৯৯৯ সালে ফিলিপাইন্সের নৌবাহিনী সেকেন্ড থমাস শোলে ইচ্ছে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজ ফেলে রেখেছে৷ সেকেন্ড থমাস শোলকে নিজেদের মনে করে কয়েকটি দেশ৷
সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ফিলিপাইন্স৷
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে৷ বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি৷ দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে চীন৷
তবে এই দাবির কোনো বৈধ ভিত্তি নেই বলে ২০১৬ সালে রায় দিয়েছিল একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল৷ যুক্তরাষ্ট্র চীনকে ট্রাইব্যুনালের ঐ রায় মেনে চলার আহ্বান জানিয়েছে৷




