
আপনি অধূমপায়ী? একদমই সহ্য করতে পারেন না সিগারেটের ধোঁয়া? তবে আপনি যদি দিল্লির বাসিন্দা হন তাহলে সম্ভবত এই অবস্থা থেকে খুব বেশি দিন বাঁচার সুযোগ নেই। দিল্লির দূষিত বাতাস নিয়ে এক গবেষণায় জানা গেছে, আপনি সেখানকার বাতাসে নিঃশ্বাস নিলে দিনে ৪৪টা সিগারেট খাওয়ার সমান হবে। এমনটিই জানাচ্ছে স্বাধীন বিজ্ঞান বিষয়ক গবেষণা সংস্থা বার্কলে আর্থ।
গেলো মঙ্গলবার প্রথমবারের মতো বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যায় রাজধানী দিল্লির বাতাস। প্রথম প্রথম এটাকে মৃদু ধোয়াশাচ্ছন্ন আবহাওয়া হিসেবে দেখা হলেও পরে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়।
অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে বন্ধ করে দিতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, বিমানের ফ্লাইটে বিঘ্ন ঘটা ছাড়াও শহরজুড়ে দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ বুধবার শহরে ট্রাক প্রবেশ এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ব্যক্তিগত গাড়ি চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও জারি করে কর্তৃপক্ষ।
কিন্তু আজ শুক্রবারও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি সেখানে। তবে এগুলো ছাপিয়ে যে বিষয়টি সবার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে সেটি হচ্ছে শহরের নাগরিকদের স্বাস্থ্যগত সমস্যা।
সাম্প্রতিক সময়ে দিল্লির বাতাসের মান ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এক পর্যায়ে সেটি মার্কিন দূতাবাসের বাতাসের মান সূচকের এক হাজার পয়েন্ট স্পর্শ করে। কোনো একটি নির্দিষ্ট এলাকায় বাতাসের মান ২৫ বেশি হলে সেটি অনিরাপদ হিসেবে বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে চিকিৎসকরা বলছেন, বুক ব্যথা, শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে আসছেন রাজধানীবাসী।
বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি দূষণের কারণ হচ্ছে মূলত গাড়ি, আবর্জনা থেকে তৈরি ধোঁয়া, ফসল পোড়ানো এবং রাস্তায় তৈরি ধুলা।
এ/সি




