
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় ২০১৮ সাল থেকে রামমন্দির নির্মাণের হুমকি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক যুগ্ম সম্পাদক সুরেন্দ্র জৈন। বোরবার কর্ণাটকের উদুপিতে সাধুসন্তদের নিয়ে আয়োজিত এক ধর্মসংসদে এ হুমকি দেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
তিনি বলেন, আগামী বছরের ১৮ অক্টোবর থেকে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে। আর পরের ধর্মসংসদ অযোধ্যাতেই বসবে।
ভারতের সুপ্রিম কোর্টে অযোধ্যার ওই বিতর্কিত জমিসংক্রান্ত মামলার শুনানি শুরু হবে আগামী ৫ ডিসেম্বর।
এর আগেই ওই জমি নিয়ে আদালতের বাইরে বিবদমান পক্ষগুলোকে সমাধানের পথ খুঁজতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিলেন হিন্দু ধর্মগুরু রবিশঙ্কর।
তবে এ চেষ্টার বিষয়ে কোনো পক্ষের ইতিবাচক সাড়া পড়েনি এখনো। এর মধ্যেই আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, অযোধ্যার ওই জমিতে রাম মন্দিরই তৈরি করা হবে।
তিনি আরো বলেন, রাম মন্দির নির্মাণের জন্য অযোধ্যায় যে পাথরগুলো নিয়ে কাজ হচ্ছে, সেগুলো দিয়েই মন্দির গড়া হবে।
তবে ভাগবতের ওই বক্তব্যের পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস।
দলটির মুখপাত্র আনন্দ শর্মা বলেন, অযোধ্যা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতই এ ব্যাপারে যা অবস্থান নেওয়ার নেবে।
তিনি অভিযোগ করেন, দেশ চালাতে মোদিকে ভোট দিয়েছে মানুষ। রাম মন্দির গড়ার কথা বলে ভোটে লড়েননি তিনি। আসলে গুজরাটে নির্বাচনকে সামনে রেখে রাম মন্দির নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে বিজেপি।
উল্লেখ্য, ১৯৯২ সালে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদে হামলা চালিয়েছিলেন হিন্দু কর সেবকরা। তারা ঐতিহাসিক মসজিদটির একাংশ গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় ভারতজুড়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুই হাজার মানুষ নিহত হন। যার বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলমান।
এপি/এ




