
মোদির রং ফর্সা হওয়ার রহস্য জানালেন কংগ্রেস নেতা। গুজরাট নির্বাচনের মঞ্চ থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। কংগ্রেস নেতা অল্পেশ ঠাকুর জানিয়েছেন নরেন্দ্র মোদি কীভাবে কালো থেকে ফর্সা হলেন, তার গোপন রহস্য। খবর এনডিটিভি।
অল্পেশ ঠাকুর বলেন, নরেন্দ্র মোদি তাইওয়ান থেকে আমদানি করা মাশরুম খেয়ে নিজের গায়ের রঙ বদলে ফেলেছেন। যার জন্য দিনে চার লাখ রুপি খরচ হয়। একেকটি মাশরুমের দাম নাকি ৮০ হাজার রুপি।
অল্পেশ দাবি করেছেন, একজন বলেছেন মোদিজি এমন খাবার খান, যা আপনারা খেতে পারবেন না। কারণ সেগুলো গরিবের খাবার নয়।
মোদি দিনে এমন ৫টি মাশরুম খান। এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে নয়, যখন নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই তার এই অভ্যাস। এমনটাই দাবি অল্পেশের।
সদ্য কংগ্রেসে যোগ দেয়া এই নেতা আরো বলেন, তিনি আগে এই ধরনের কথায় বিশ্বাস করতেন না। কিন্তু এখন মোদির পুরনো ও বর্তমান ছবির তুলনা করে তিনি নিশ্চিত মাশরুমের গুণেই মোদি ফর্সা হয়েছেন।
অল্পেশের দাবি, ‘আমি মজা করেই সেই ব্যক্তিকে বললাম, উনি তো আমার মতোই কালো ছিলেন। কীভাবে ফর্সা হয়ে গেলেন? আমি ৩৫ বছর আগের ছবি দেখেছি, তাতে তিনি আমার মতো কালো ছিলেন। তাহলে বুঝে দেখুন ব্যাপারটা।’
এপি/এমকে




