
চীন এবং পাকিস্তানের হুমকি থাকা সত্ত্বেও সামরিক বাহিনীর আধুনিকায়নে ধীরগতির কারণে মোদি সরকারকে ভর্ৎসনা করেছে প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। কমিটি প্রতিরক্ষা বাহিনীর বাজেটেরও সমালোচনা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
মেজর জেনারেল (অব.) বি সি খান্দুরির নেতৃত্বে কমিটি মঙ্গলবার পার্লামেন্টে দুটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে বলা হয়, ২০১৭-১৮ সালের বাজেটে প্রতিরক্ষা বাজেট ২ দশমিক ৭৪ লাখ কোটি রূপি যা ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের পর সর্বনিম্ন, জিডিপির মাত্র ১ দশমিক ৫৬ ভাগ।
কমিটি অভিযোগ করে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী কারো জন্যই পর্যাপ্ত বাজেট দেয়া হয়নি যা দিয়ে বাহিনীর আধুনিকায়ন করা যায়।
এদিকে, ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। গুজরাটের বিধানসভা নির্বাচনে মোদির বিজেপি জিতলেও আগের চেয়ে ১৬ আসন কম পেয়েছে। উল্টো বাড়তি ১৯ আসন জিতেছে কংগ্রেস। রাহুল দাবি করেছেন, গুজরাটে কংগ্রেসের নৈতিক বিজয় হয়েছে। গুজরাটে ২২ বছরে এই প্রথম বিজেপির আসনসংখ্যা নেমে গেছে একশর নিচে।
রাহুল বলেন, গুজরাটে প্রমাণিত হলো প্রধানমন্ত্রী হিসেবে ক্রমশ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার সংসদের বাইরে তিনি বলেন গুজরাট মডেলে আর বিশ্বাস করছে না মানুষ। মোদিজি যে উন্নয়নের কথা বলেন সেটি আসলে ফাঁপা।
এপি/এমকে




