
জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্র আবারো তার অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে মার্কিন দূত নিকি হ্যালি ভেটো দেয়ায় ধন্যবাদ জানালেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাব পেশ করে মিশর।
সোমবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। আর সেখানেই ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ফলে মিশরের আনা প্রস্তাব বাতিল হয়ে গেলো। তবে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য দেশগুলো ওই প্রস্তাবনার পক্ষেই সমর্থন জানিয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ করে সম্প্রতি নেতানিয়াহু টুইটারে এক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের হয়ে ভেটো ও ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার জন্য নিকি হ্যালিকে ধন্যবাদ জানান।
ওই ভিডিওতে নেতানিয়াহু বলেন, ধন্যবাদ মার্কিন দূত হ্যালি। আপনি অন্ধকার দূর করে আলো জ্বালিয়েছেন। একাই অনেককে পরাজিত করেছেন। সত্য মিথ্যাকে পরাজিত করেছে। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, ধন্যবাদ নিকি হ্যালি।
আগে থেকেই এ বিষয়টি নিশ্চিত ছিল যে ওই খসড়া প্রস্তাবে সমর্থন দেবে না ট্রাম্প প্রশাসন।
গেলো ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। ওই সময় তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। যদিও বিভিন্ন দেশের দূতাবাস তেল আবিবেই অবস্থিত।
এ/এসআর




